টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন এই তারকা পেসারওয়ানডে বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর এখন ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। রবিবার ১০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচটি হবে ডারবানে। দক্ষিণ আফ্রিকা দলের তারকা বোলার লুঙ্গি এনগিডি এই ম্যাচে মাঠে নামবে না, তাঁর জায়গা নেবেন বিউরান হেনড্রিকস। বাম পায়ের গোড়ালিতে মচকে যাওয়ায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন লুঙ্গি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। লুঙ্গি পরে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে মাসের শেষে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে। বাঁহাতি ফাস্ট বোলার মার্কো জ্যানসেনের সাথে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্ব দিতেন এনগিডি, তাঁর জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফাস্ট বোলার হেনড্রিকসকে।
তেত্রিশ বছরের বাঁহাতি ফাস্ট বোলার হেনড্রিকস ২০২১ সালে দক্ষিণ আফ্রিকান দলের হয়ে T20 ফরম্যাটে শেষ ম্যাচ খেলেছিলেন। তিনি ১৯ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন। ৮টি ওয়ানডেতে ৬ উইকেট এবং ১ টেস্টে ৬ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজ়ি, ডোনোভান ফেরেইরা, রিজ়া হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, বিউরান হেনড্রিকস, অ্যান্ডিলে ফেলুকোয়ায়ো, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজ়ার্ড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।