Md Shami: মহম্মদ শামির জন্য কি দরজা চিরতরে বন্ধ হয়ে গেল? ভারতীয় দল ঘোষণা করল BCCI

ঘরোয়া ক্রিকেটে তাঁর সেই পারফরম্যান্স ফের এক বার মনে করিয়ে দিয়েছিল, বল হাতে এখনও কতটা কার্যকর তিনি। ম্যাচের পর সমালোচকদের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন বাংলার পেসার।

Advertisement
মহম্মদ শামির জন্য কি দরজা চিরতরে বন্ধ হয়ে গেল? ভারতীয় দল ঘোষণা করল BCCI আবারও সুযোগ পেলেন না শামি
হাইলাইটস
  • ওয়ান ডে ও টেস্ট দল ঘোষণা করল বিসিসিআই।
  • এবারও ঠাঁই পেলেন না শামি।

নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ান ডে ও টেস্ট দল ঘোষণা করল বিসিসিআই। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচটি এক দিনের ম্যাচ এবং দুটি টেস্টের সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন শ্রেয়স আয়ার। শেষ দুটি এক দিনের ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শ্রেয়সের হাতে। ওই দুই ম্যাচে সহ-অধিনায়ক থাকবেন ঈশান কিষাণ।

এবারও ভারতীয় দলে জায়গা হয়নি মহম্মদ শামির। দলে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটার। প্রথম তিনটি ওয়ানডের দলে জায়গা পেয়েছেন কে এল রাহুল, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিংহও। শেষ দুটি ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল ও কেএল রাহুল। ওই দুই ম্যাচের দলে জায়গা পেয়েছেন তিলক বর্মা, আকিব নবি, কুমার কুশাগ্র এবং যশ ঠাকুর। ওয়ানডে সিরিজের পর দুটি টেস্ট ম্যাচেও মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

শামির কি পথ বন্ধ?

নিউজিল্যান্ড সফরের দলে মহম্মদ শামি জায়গা পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু ৩৬ বছর বয়সি বাংলার এই পেসারকে ভারত 'এ' দলের চার দিনের তিনটি ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। ওই ম্যাচগুলি টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। তখনই ইঙ্গিত মিলেছিল, জাতীয় দলে শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ। চার বছর পর ভারতীয় টি-টোয়েন্টি দলে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন অবশ্য আশার আলো দেখিয়েছিল শামির ক্ষেত্রেও। বিশেষ করে প্রধান নির্বাচক অজিত আগরকরের বিদায়ের কয়েক দিনের মধ্যেই ভুবনেশ্বরের দলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল, নির্বাচক কমিটিতে পরিবর্তনের পর শামির ভাগ্যও খুলতে পারে। কিন্তু প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স সত্ত্বেও শামিকে ফেরানোর পথে হাঁটেনি।

শামির নজরকাড়া পারফরম্যান্স

গত সপ্তাহে কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচে ৫টি উইকেট নিয়েছিলেন শামি। ঘরোয়া ক্রিকেটে তাঁর সেই পারফরম্যান্স ফের এক বার মনে করিয়ে দিয়েছিল, বল হাতে এখনও কতটা কার্যকর তিনি। ম্যাচের পর সমালোচকদের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন বাংলার পেসার। আগরকর প্রধান নির্বাচক থাকাকালীন ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় জাতীয় দলের দরজা খুলছিল না শামির জন্য। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো ফিট তিনি, বার বার সে কথাই বলে এসেছেন এই পেসার।

Advertisement

'যেখানে পারছি, খেলছি'

গত সপ্তাহে কল্যাণীতে বাংলার রঞ্জি ট্রফির ম্যাচের ফাঁকে সাংবাদিকদের শামি বলেন,'আমার ফিটনেস তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। লিখুন সেটা। আপনারা আমাকে দেখছেন। আমি কী বললাম, তাতে কীই বা হবে? আমি মাঠে আছি, খেলছি। যেখানে পারছি, খেলছি। আমার কাজ শুধু বল করে যাওয়া'।

প্রথম ৩ একদিনের ম্যাচে ভারতীয় দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংহ, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।

শেষ দুটি একদিনের ম্যাচে ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), নীতীশকুমার রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংহ, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর এবং কুলদীপ যাদব।

ভারতের টেস্ট দল
 

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।
 

POST A COMMENT
Advertisement