বৈভব সূর্যবংশী- পিটিআইবৈভব সূর্যবংশীকে ঘিরে আরও একজন 'সচিন তেন্ডুলকার' স্বপ্ন দেখছে গোটা দেশ। মাত্র ১৫ বছর বয়সেই বৈভব যে ভাবে একের পর এক রেকর্ড ভাঙছে, তাতে ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতে বিরাট মাইলস্টোন তৈরির আশা জাগছে। এহেন সময়ে বৈভবকে ঘিরে নানা আশঙ্কাও কাজ করছে। বিনোদ কাম্বলি, পৃথ্বী শ-এর মতো যেন না হয়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এর আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবও একই আশঙ্কা প্রকাশ করেছিলেন। বৈভবের একাধিক পার্টিতে যাওয়া নিয়ে দুশ্চিন্তা জানিয়ে বিনোদ কাম্বলির উদাহরণ টেনে সতর্ক করেছিলেন।
ধারাবাহিকতা, ফিটনেস এবং সঠিক মানসিকতা প্রয়োজন
তার বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন কংগ্রেস সাংসদ তথা ক্রিকেটপ্রেমী শশী থারুর। এই তরুণ ক্রিকেটারের প্রতিভার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সচিন তেন্ডুলকারের মতোই দীর্ঘ ও সফল কেরিয়ার গড়ে তুলবে বৈভব। তবে একই সঙ্গে বিনোদ কাম্বলি ও পৃথ্বী শ-এর উদাহরণ টেনে তরুণ ক্রিকেটারকে সতর্কও করেছেন তিনি। তাঁর মতে, প্রতিভা থাকলেই সাফল্য নিশ্চিত হয় না। দীর্ঘদিন ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকতে প্রয়োজন ধারাবাহিকতা, ফিটনেস এবং সঠিক মানসিকতা।
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর জানান, বৈভব সূর্যবংশীর নাম প্রথম শোনার পর থেকেই তাঁর খেলার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। অল্প বয়সেই যেভাবে ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে এই ক্রিকেটার, তা তাঁকে মুগ্ধ করেছে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বৈভবের ১৭৫ রানের ইনিংসের কথা আলাদা করে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ওই ইনিংস ভারতকে জেতানোর পাশাপাশি বৈভবের অসাধারণ প্রতিভারও পরিচয় দিয়েছে।
Before his record-shattering knock, Vaibhav Sooryavanshi spoke to four people. His father, his childhood coach, his childhood friend and…….🤔 Stay tuned for a special interview coming up at 9:00 AM IST on https://t.co/sfyVercpdu as the batting sensation decodes his epic double century 💯💯 #TeamIndia | #RisingStarsAsiaCup
— BCCI (@BCCI) November 24, 2026
বৈভবের জন্য এবার রাজস্থান রয়্যালসের ম্যাচ দেখবেন থারুর
রাজস্থান রয়্যালসের প্রতিও নিজের আগ্রহের কথা জানিয়েছেন শশী থারুর। আগে মূলত সঞ্জু স্যামসনের খেলা দেখার জন্য রাজস্থানের ম্যাচের দিকে নজর রাখতেন তিনি। কিন্তু এবার দলে বৈভব সূর্যবংশী থাকায় তাঁর খেলা দেখার আগ্রহ আরও বেড়েছে। থারুরের কথায়, 'বৈভবের প্রথম দিকের ম্যাচগুলিতেই তার ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছে। অল্প বয়সেই সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছে এই কিশোর।'
বৈভবের ব্যাটিংয়ের বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে তার নির্ভীক মানসিকতা, দুর্দান্ত টাইমিং এবং গতিশীল বোলারদের বিরুদ্ধে বড় শট খেলার ক্ষমতার প্রশংসা করেছেন থারুর। বিশেষ করে এক ইনিংসে ২৮টি ছক্কা ও সাতটি চার মারার কীর্তি তাঁকে অবাক করেছে। এত অল্প বয়সে এমন বিধ্বংসী ব্যাটিং এবং এক ইনিংসে ২৮টি ছক্কা মারার ঘটনাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন তিনি।
কাম্বলি-পৃথ্বীর উদাহরণ টেনে সতর্ক করলেন থারুর
তবে বৈভবের প্রতিভায় মুগ্ধ হলেও তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনই অতিরিক্ত প্রত্যাশা তৈরি করতে নারাজ শশী থারুর। তাঁর মতে, বৈভব কতটা দীর্ঘ সময় ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজের জায়গা ধরে রাখতে পারবে, তা সময়ই বলবে। এই প্রসঙ্গে বিনোদ কাম্বলি এবং পৃথ্বী শ-এর উদাহরণ টেনেছেন তিনি। একসময় এই দুই ক্রিকেটারকেও ভারতীয় ক্রিকেটের অত্যন্ত প্রতিভাবান মুখ হিসেবে দেখা হয়েছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ ও ধারাবাহিক কেরিয়ার গড়ে তোলা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। তাই বৈভবের ক্ষেত্রেও শুধু প্রতিভার উপর নির্ভর না করে ধারাবাহিকতা ও ফিটনেসের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন থারুর।