বৈভব সূর্যবংশী কি খেলবেন?টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতছে ভারত। তারপরই হঠাৎ নেতৃত্ব পরিবর্তন। এবার ২৫ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এই দুই ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের মাধ্যমে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের নতুন টি-২০ যুগের সূচনা হবে। তবে তার থেকেও বড় খবর হয়ে দাঁড়িয়েছে বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেললেই হবে নতুন রেকর্ড। সবথেকে কম বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি। পেরিয়ে যাবেন সচিন তেন্ডুলকারকে।
বর্তমানে ভারতীয় ক্রিকেট উত্তাল অধিনায়ক পরিবর্তনের বিতর্ক নিয়ে। সূর্যকুমার যাদবের জায়গায় এসেছেন শ্রেয়াস। তাই নিয়ে কম সমালোচনা হয়নি।
আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স থাকলেও টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। কিন্তু এখন তিনি অধিনায়কের দায়িত্বে। তাই তাঁর কাছ থেকে প্রত্যাশা থাকবে বেশি। যদিও এই বিতর্কের মাঝেই এই দুই ম্যাচের সিরিজে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। তিনি আজ খেলবেন? যদিও সেই উত্তর জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব
সিরিজ শুরুর আগে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক আইয়ারের অভিজ্ঞতা ও শান্ত স্বভাবের প্রশংসা করেছেন। তিনি জানান, ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দীর্ঘদিন অধিনায়কত্ব করার অভিজ্ঞতা শ্রেয়সের রয়েছে।
তাঁর কথায়, এটা এমন নয় যে শ্রেয়াস এই দলে প্রথমবার অধিনায়কত্ব করছেন। তিনি আইপিএল এবং মুম্বইয়ের হয়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তাই তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে।'
তিনি আরও জানান, প্রথম অনুশীলন সেশনেই আইয়ারের নেতৃত্ব চোখে লেগেছে। কোটাকের কথায়, 'আমি শ্রেয়াসকে বলতে শুনেছি, আমরা সবাই সবার পাশে থাকব। কারও ভাল দিন যাবে, কারও খারাপ দিন যাবে। তাই আমরা নিশ্চিত করব, সবাই যেন একে অপরকে সমর্থন করি।'
সব ধরনের সমর্থন থাকলেও এই সিরিজটি আইয়ারের জন্য গুরুত্বপূর্ণ প্রাথমিক পরীক্ষা। তিনি সর্বশেষ ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
অন্যদিকে, ভারতের পরিবর্তনের এই সময়টাকে কাজে লাগাতে চাইবে আয়ারল্যান্ড। তবে তারাও কিছু চোটজনিত সমস্যায় ভুগছে।
টি-২০ বিশ্বকাপের পর পল স্টার্লিং অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় এখন লরকান টাকার দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনিও একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া দলের দায়িত্বে আছেন।
পিচ ও আবহাওয়ার অবস্থা
বেলফাস্টের উইকেট একটু ধীরগতির হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় বাউন্ডারির কারণে ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই শুরুতেই উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে সিরিজের প্রথম ম্যাচে প্রভাব ফেলতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা/বৈভব সূর্যবংশী, ঈশান কিশান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, শিভম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই/প্রসিধ কৃষ্ণ/প্রিন্স যাদব।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ
টিম টেক্টর, রস অ্যাডেয়ার, হ্যারি টেক্টর, লরকান টাকার (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেন ক্যালিটজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিস, ম্যাট হলার্ড, রিউবেন উইলিয়ামস, জয় মুন্দ্রা।