Shubman Gill on Mohammed Siraj: কেন সিরাজকে বাদ দেওয়া হল, বিতর্কের মধ্যে গিল বোঝালেন 'অঙ্ক'

ম্যাচের আগেই সিরাজকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল বলে জানান গিল। তাঁর দাবি, সিরাজ হয়তো এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না। তবে কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে, সেই যুক্তি বুঝতে পেরেছিল।

Advertisement
কেন সিরাজকে বাদ দেওয়া হল, বিতর্কের মধ্যে গিল বোঝালেন 'অঙ্ক'মহম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে কী বললেন শুভমন গিল? (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • ম্যাচের আগেই সিরাজকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল বলে জানান গিল
  • তাঁর দাবি, সিরাজ হয়তো এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না।
  • তবে কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে, সেই যুক্তি বুঝতে পেরেছিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ড্র করেছে ভারত। আর এই ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন মহম্মদ সিরাজ। যা নিয়ে অনেকেই সমালোচনা করেন। তবে দলের সেই সিদ্ধান্তের পক্ষেই সওয়াল করলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই ম্যাচে সিরাজ খেললেও ম্যাচের ফলাফল একই থাকত। তবে নিজের ঘনিষ্ঠ বন্ধু সিরাজকে এই সিদ্ধান্তের কথা জানানো তাঁর কাছে বেশ কঠিন ছিল, এটা স্বীকার করে নিয়েছেন গিল।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের দারুণ সুযোগ ছিল ভারতের কাছে। কিন্তু সেই সুযোগ হঠাৎই হাতছাড়া হয়। প্রথম ইনিংসে ৭২০/৯ রান তুলে ডিক্লেয়ার করে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে এটিই ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোর। প্রথম ইনিংসে ৩৫২ রানের লিডও নিয়েছিল দল। সেই ইনিংসে ৩৬৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

এরপর ব্যাট হাতে রানের পাহাড় গড়ে তোলে ভারত। শতরান করেন কে এল রাহুল ও ঋষভ পন্থ। যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল এবং শুভমন গিলও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হাতে চারটি সেশন বাকি থাকতেই ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ফলে জয়ের জন্য যথেষ্ট সময় ছিল দলের হাতে। তারপরও ম্যাচ ড্র হয়। 

এরপরই প্রশ্ন ওঠে, প্রথম একাদশে মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা থাকলে ম্যাচের ফল অন্যরকম হতো কি? এর জবাবে গিল স্পষ্ট বলেন, 'আমার তা মনে হয় না।'

আসলে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতের হয়ে সর্বাধিক ২৩টি উইকেট নিয়েছিলেন হায়দরাবাদের এই পেসার। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশে দীর্ঘক্ষণ বল করেছেন তিনি। সেই সঙ্গে তুলে নিয়েছিলেন উইকেট। তাই তাঁকে বাদ দেওয়ায় অনেকেই অবার হয়েছিলেন।

'সিরাজ দুর্দান্ত ক্রিকেটার, আমার ভাল বন্ধু': গিল
এ দিন সিরাজের দক্ষতার প্রশংসাও করেন গিল। গিল বলেন, 'সিরাজ দুর্দান্ত ক্রিকেটার এবং অসাধারণ বোলার। ভারতের হয়ে ও খুব ভাল পারফর্ম করেছে। তবে এসবের আগে ও আমার ভাল বন্ধু। ওকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত আমার কাছেও খুব কঠিন ছিল। কিন্তু কোন বোলাররা ফর্মে রয়েছে, সেটাও দেখতে হয়।'

Advertisement

ম্যাচের আগেই সিরাজকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল বলে জানান গিল। তাঁর দাবি, সিরাজ হয়তো এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না। তবে কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে, সেই যুক্তি বুঝতে পেরেছিল।

সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা
প্রথম টেস্টে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভালভাবে নেননি ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে সবচেয়ে সরব ছিলেন সুনীল গাভাস্কার। বিদেশের মাটিতে সিরাজ কীভাবে বাদ পড়লেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গাভাস্কারের বক্তব্য ছিল, সিরাজ কখনও ভারতকে হতাশ করেননি। তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি বিস্মিত।

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সিরাজের অভিজ্ঞতা, আগ্রাসন এবং বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার কথা মনে করিয়ে দেন তিনি।

ওদিকে রবিচন্দ্রন অশ্বিন এই সিদ্ধান্তকে 'অত্যন্ত কঠোর' বলে মন্তব্য করেন। হর্ষ ভোগলে জানান, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি 'বিস্মিত ও হতাশ'। এমনকী অজিঙ্ক রাহানে এবং দীনেশ কার্তিকও এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন।

 

POST A COMMENT
Advertisement