মহম্মদ শামি ও সৌরভ গঙ্গোপাধ্যায়বৃহস্পতিবার ইডেন গার্ডেনে মুখোমুখি লখনউ সুপার জায়েন্ট ও কলকাতা নাইট রাইডার্স। বল হাতে মহম্মদ শামির সামনে অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিংয়ের লড়াই। কিন্তু মঙ্গলবার বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে বেঙ্গল প্রো টি-২০ লিগের তৃতীয় সংস্করণে নবম দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে তিন তারকা মাতলেন আড্ডায়। আর সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন শামিকে তিনি ভারতীয় দলে দেখতে চান।
ভারতীয় দলে শামিকে দেখতে চান সৌরভ
অনুষ্ঠানে এসে ক্ষুরধার ক্রিকেটমস্তিষ্কের অধিকারী সৌরভ জোরালো সওয়াল করেন শামির হয়ে, 'একপ্রান্তে বুমরা। অন্যপ্রান্তে শামি। ভারতের বোলিং আক্রমণ এটাই হওয়া উচিত। সানরাইজার্সের বিরুদ্ধে স্পেলটা অবিশ্বাস্য। চার ওভারে মাত্র ৯ রান, ভাবাই যায় না। বাংলার হয়ে রঞ্জিতেও উজাড় করে দিয়েছে। দেশের হয়ে আরও অন্তত দুই মরসুম খেলার ক্ষমতা ধরে। আশা করব, সেই সুযোগটা পাবে।'
ফিটনেস নিয়ে প্রশ্নের উত্তরে কী বললেন সৌরভ?
শামির ফিটনেস নিয়ে অবশ্য অনেকেরই সংশয়। আন্তর্জাতিক ক্রিকেটের রগড়ানি সহ্য করতে পারবেন ৩৫ বছর বয়সী? বঙ্গ ক্রিকেটের প্রেসিডেন্ট এই প্রশ্নটাই ওড়ালেন গ্যালারিতে। সিএবি সভাপতির দাবি, 'চার-পাঁচ মাস ঘরোয়া ক্রিকেট খেললে ফিট হতে বাধ্য। দিনে ৩০-৩৫ ওভার বোলিং সহজ নয়। আবার বলছি, শামিকে ভারতের জার্সিতে দেখতে চাই।'
নাইট ক্যাপ্টেনকে সৌরভের পরামর্শ
এই অনুষ্ঠানে নাইট ক্যাপ্টেন শোনালেন, 'শাহরুখ দলের বিগ ব্রাদার। খারাপ সময়েও পাশে থাকেন।' এবারের আইপিএল-এ ঘুরে দাঁড়ানোর জন্য ও ট্রফি জেতার জন্য রাহানেকে বিশেষ টিপসও দিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল ক্যাপ্টেন রাহানেকে বলেন, 'রিঙ্কুকে অত পরে নামিও না। ওকে তুলে আনো ব্যাটিং অর্ডারে।' বিষ্ণোই গলায় ধরা পড়ল আবেগ, 'ইডেনে দর্শকরা নাম ধরে ডাকলে দারুণ আনন্দ হয়। প্রচুর মেহনত করে এখানে পৌঁছেছি। কাঁটা বিছানো পথ ক্ষত-বিক্ষত রক্তাক্ত পায়ে পেরতে হয়েছে।'
কেরিয়ারের শেষ অবধি বাংলা দলের হয়ে খেলতে চান শামি
শামি গত কয়েক বছর ধরে ভারতীয় দলে ব্রাত্য। ঘরোয়া ক্রিকেট তো বটেই, এবারের আইপিএল-এও দারুণ ছন্দে বাংলার এই পেস বোলার। শামি এই অনুষ্ঠানে বলেন, 'আমি জতদিন খেল্ব, বাংলার হয়েই খেলতে চাই।'