টি২০ বিশ্বকাপের সুপার-৮ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের পর এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। সঞ্জু স্যামসনের ঝড়ো ৯৭ রানের ইনিংসে মুগ্ধ হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব প্রকাশ্যে তাঁকে সম্মান জানান। মাঠেই সতীর্থের সামনে মাথা নত করে অভিনন্দন জানান তিনি।
ম্যাচ শেষ হতেই হাঁটু গেড়ে বসে থাকা সঞ্জু স্যামসনের কাছে যান সূর্যকুমার। করমর্দনের আগে মাথা ঝুঁকিয়ে সম্মান জানান। আবেগে ভেসে ওঠেন স্যামসনও। চোখে জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেন, তারপর দলের সঙ্গে উদযাপনে মাতেন। কলকাতার ইডেন গার্ডেন্সে উপস্থিত প্রায় ৬৭ হাজার দর্শকের সামনে এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের ১৯৬ রানের জবাবে শুরুতেই কয়েকটি উইকেট হারালেও হাল ধরেন সঞ্জু স্যামসন। মাত্র ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৯৭ রান করেন তিনি। চার বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের অন্যতম বড় সফল রানতাড়া।
ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলেন, স্যামসনের এই ইনিংস তাঁর কেরিয়ারের অন্যতম সেরা দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সমালোচকদেরও জবাব দিয়েছেন সঞ্জু ব্যাট হাতে। এখন ভারতের নজর ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম–এ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে।


