সূর্যকুমার যাদবগুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারত। পরপর দুইবার আইসিসি টি২০ ট্রফি হাতে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পরই নিজেদের পরবর্তী টার্গেট ঠিক করে দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, ২০২৮ অলিম্পিকে সোনা জেতা এবং সেই বছরের টি২০ বিশ্বকাপে হাতে তোলাই এখন তাঁর কাছে নতুন লক্ষ্য।
ম্যাচ শেষে অধিনায়ক সূর্য বলেন, 'আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৬ জয়ের পথে দলের যাত্রা ছিল অসাধারণ একটি সফর'। আর আহমেদাবাদের মাঠে হাজার হাজার দর্শকের সামনে এই সাফল্য অর্জনের নেপথ্য যে টিম গেম রয়েছে, সেটাও জোর গলায় জানিয়ে দেন তিনি।
এ দিন ভারতের জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে নিজের মনের কথা উগড়ে দেন সূর্য। তিনি দলের চ্যালেঞ্জের দিকটাও তুলে ধরেন। তাঁর কথায়, 'টুর্নামেন্টের শুরুতে কিছু চ্যালেঞ্জ নিশ্চিতভাবে ছিল। কিন্তু ধীরে ধীরে দল নিজেদের ছন্দ খুঁজে পায়। তারপর পুরো প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করে।'
পাশাপাশি তিনি সাংবাদিক সম্মেলনে এসে নিজের পরবর্তী লক্ষ্যের কথাও ঠিক করে দেন। তিনি জানান, এরপর লক্ষ্য হল ২০২৮ সালের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে যাতে ভারত জেতে সেটাই প্রায়োরিটি। এছাড়া ২০২৮ সালের অলিম্পিকে সোনার পদক জেতার দিকেও যে তিনি এবং তাঁর দল ঝাঁপিয়ে পড়বে, সেটাও জোর গলায় ঠিক ঘোষণা করে দেন তিনি।
বড় জয় হয়েছে ভারতের
রবিবারের ফাইনাল ছিল একতরফা। এই ম্যাচে ৯৬ রানের বিরাট জয় পেয়েছে ভারত। আর এই জয়ের পর মুখ খুলেছেন কোচ গৌতম গম্ভীরও। তিনি এই জয়ের কৃতিত্ব দেন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ এবং চিফ সিলেক্টের অজিত আগারকারকে। তাঁরাই যে ভারতীয় ক্রিকেটের ভিত তৈরি করে দিয়ে দিয়েছেন, এটা স্বীকার করে নেন কোচ গৌতম।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, প্রথমত আমি রাহুল ভাই এবং তারপর লক্ষণ ভাইকে এই জয় উৎসর্গ করতে চাই। রাহুল ভাই এই ভারতীয় দল তৈরি করতে নিজের সময় অনেক কাজ করেছে। আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই।
তাঁর আরও বক্তব্য, 'আমি ভিভিএস লক্ষণকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি ভারতীয় দলের জন্য নিস্বার্থভাবে, পর্দার পিছনে থেকে অনেক কিছু করে গিয়েছেন সিওই হিসেবে।' পাশাপাশি তিনি অজিত আগরকারকেও ধন্যবাদ জানান।