India Tour To Bangladesh : জানুয়ারিতেই বাংলাদেশ সফরে যেতে পারেন কোহলি-অভিষেক শর্মারা, ওয়ানডে ও টি২০ সিরিজের সম্ভাবনা

তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর ক্রিকেটীয় সম্পর্কও নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে বলে খবর। এ বছরের সাধারণ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির বড় জয়ের পর সে দেশের সরকার বদলেছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন।

Advertisement
জানুয়ারিতেই বাংলাদেশ সফরে যেতে পারেন কোহলি-অভিষেক শর্মারা, ওয়ানডে ও টি২০ সিরিজের সম্ভাবনা  বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট টিম
হাইলাইটস
  • ভারতের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে
  • প্রথমে গত বছরের জুলাই মাসে এই সফর পিছিয়ে দেওয়া হয়েছিল

আগামী বছরের জানুয়ারিতেই বাংলাদেশ সফরে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের জেরে বারবার পিছিয়ে গিয়েছে এই সফর। তবে পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কও ফের স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে পারে টিম ইন্ডিয়া। যদিও এই সফর নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, দুই বোর্ডের মধ্যে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে সফরের চূড়ান্ত ছাড়পত্র দিতে হবে ভারত সরকারকেই।

জানুয়ারিতেই বাংলাদেশ সফর ভারতের?

ভারতের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে। প্রথমে গত বছরের জুলাই মাসে এই সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ খেলতে না চাওয়ার সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও জটিল করে তোলে। ফলে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়।

তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর ক্রিকেটীয় সম্পর্কও নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে বলে খবর। এ বছরের সাধারণ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির বড় জয়ের পর সে দেশের সরকার বদলেছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলামের জায়গায় বোর্ডের দায়িত্বে এসেছেন বাংলাদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবাল।

সূত্রের খবর, বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী তামিম। শুধু দ্বিপাক্ষিক ক্রিকেট নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসির স্তরেও দুই দেশের বোর্ডের মধ্যে সহযোগিতা বাড়াতে চান তিনি।

তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ ম্যাচ

প্রস্তাবিত সফরে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি বেশ ঠাসা। ফলে বাংলাদেশ সফরের জন্য সময় বের করা দুই বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে।

Advertisement

সূচি অনুযায়ী, জানুয়ারির ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত ভারতের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে আসার কথা জিম্বাবোয়ের। এর পর ২১ জানুয়ারি থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার কথা। ফলে বাংলাদেশ সফরের জন্য খুব বেশি সময় হাতে থাকবে না ভারতীয় দলের।

এই পরিস্থিতিতে জানুয়ারির প্রথম সপ্তাহে সফর আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সফর চূড়ান্ত হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজের সূচি বদলাতে হতে পারে। প্রয়োজনে সেই সিরিজ পিছিয়ে দেওয়ার কথাও ভাবা হতে পারে।

 কী বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'-র প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ভারত সফরের জন্য একটি সময়সীমা নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বিসিসিআইয়ের সঙ্গে কথাবার্তা যে পথে এগোচ্ছে, তাতে ভারতীয় দল বাংলাদেশে খেলতে আসবে বলে তিনি আশাবাদী। দুই বোর্ডই ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

তবে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি এই সফরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপড়েনের কারণে ভারত সরকারের অনুমোদন ছাড়া সফর এগোনো সম্ভব নয়। ফলে বিসিসিআই ও বিসিবির আলোচনা ইতিবাচক হলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

উল্লেখ্য, ভারতীয় দল শেষবার ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল। সেই সফরে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট খেলেছিল ভারত। দীর্ঘ বিরতির পর আগামী জানুয়ারিতে ফের বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা এবং ভারত সরকারের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে ক্রিকেটমহল।

POST A COMMENT
Advertisement