বৈভব সূর্যবংশী ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তুলে ফের শিরোনামে বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বৈভবের সম্পত্তি নিয়েও এখন চর্চা তুঙ্গে। মাত্র দুই মরশুম আইপিএল খেলেই কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন বিহারের এই কিশোর।
আইপিএল থেকেই কোটিপতি বৈভব
মাত্র ১৪ বছর বয়সে আইপিএল ২০২৫-এ অভিষেক হয়েছিল বৈভবের। সেবার নিলামে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসের বৈভবকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। এরপর আইপিএল ২০২৬-এর জন্যও একই দামে তাকে দলে রেখে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। অর্থাৎ, দুই মরশুমে আইপিএল থেকেই তার আয় ২.২ কোটি টাকা।
আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে মাত্র ১৫ বছর বয়সেই একাধিক নজির গড়েছে বৈভব। আইপিএল ২০২৬-এ সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জয়ের নজির গড়ার পাশাপাশি একটি টি-২০ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ডও তাঁর ঝুলিতে এসেছে।
পুরস্কার থেকেই আয় লক্ষ লক্ষ টাকা
শুধু আইপিএলের চুক্তির অর্থ নয়, মাঠের পারফরম্যান্সের জন্য বিভিন্ন পুরস্কার থেকেও মোটা টাকা আয় করেছেন বৈভব। আইপিএল ২০২৬-এ সবচেয়ে বেশি ছক্কা মারার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তিনি। 'ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন' হওয়ার জন্যও ১০ লক্ষ টাকা, 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন' হওয়ার সুবাদে ১৫ লক্ষ টাকা আবার অরেঞ্জ ক্যাপ জয়ের জন্য ১০ লক্ষ টাকা জিতেছিলেন।
আইপিএল ছাড়াও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট-সহ বিভিন্ন ফরম্যাটে খেলার জন্যও পারিশ্রমিক পান বৈভব। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে প্রতি ম্যাচের জন্য তাঁর পারিশ্রমিক ২০ হাজার টাকা।
ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও মোটা আয়
ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে মুখ হয়ে উঠেছেন বৈভব। ফলে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও তাঁর আয় বাড়ছে। বিজনেস টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্যারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের (SS) সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বৈভবের নামে বিশেষ ব্যাটের একটি সিরিজও বাজারে এনেছে সংস্থাটি।
পাশাপাশি জাইডাস ওয়েলনেসের জনপ্রিয় পানীয় ব্র্যান্ড কমপ্ল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছেন এই ক্রিকেটার। গুগল পে-র একটি প্রচারমূলক ক্যাম্পেনেও দেখা গিয়েছে তাঁকে।
২০২৬ সালের মে মাসে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারিও বৈভবকে রাজ্যের স্বাস্থ্য দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।
কত সম্পত্তির মালিক বৈভব সূর্যবংশী?
বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তির নির্দিষ্ট কোনও সরকারি হিসাব প্রকাশ্যে নেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪ থেকে ৫ কোটি টাকা। আইপিএলের পারিশ্রমিক, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেই মূলত এই আয়। মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেটের দুনিয়ায় যে গতিতে এগোচ্ছে বৈভব, তাতে আগামী দিনে তার উপার্জন ও সম্পত্তির পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে ক্রিকেটমহল।