
Vaibhav Suryavanshi Team India Entry: হারারেতে ইতিহাস গড়ল ভারত অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলে ভারতের জয়ে নায়ক হয়ে উঠলেন বিহারের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে তাঁর বিধ্বংসী শতরানেই ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের ওপর আক্রমণ চালান সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন ৪১১/৯ রানের পাহাড়সম স্কোরে। তাঁর ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৫টি বিশাল ছয়। বিশ্বকাপ ফাইনালে এই ইনিংসেই একাধিক রেকর্ড গড়েন বৈভব। ৫৫ বলে শতরান করে তিনি হয়ে ওঠেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। ৭১ বলে ১৫০ ছুঁয়ে ফেলেন তিনি, যা ফাইনালের মঞ্চে নজিরবিহীন।
এছাড়াও একটি যুব একদিনের ম্যাচে সর্বাধিক ছয় (১৫টি) মারার রেকর্ড গড়েছেন সূর্যবংশী। শুধু তাই নয়, যুব একদিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০০টির বেশি ছয় মারার কৃতিত্বও তাঁর ঝুলিতে। অন্যদিকে, ভারতের ইনিংসে অধিনায়ক আয়ুষ মাথরে ৫১ বলে ৫৩ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। জবাবে ইংল্যান্ড ৩১১ রানেই গুটিয়ে যায়। ভারতের হয়ে আরএস অম্বরিশ ৩/৫৬ নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।
পুরো টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ফর্মে ছিলেন সূর্যবংশী। ৬ ম্যাচে ৪৩৯ রান করেন তিনি, গড় ৬২.৭১ এবং স্ট্রাইক রেট ১৬৯.৪৯। চারটি অর্ধশতরান ও ফাইনালের শতরানে তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বকাপের আগেও তাঁর ব্যাটিং ঝলক দেখেছিল ক্রিকেট বিশ্ব। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ রানের বিশ্বরেকর্ড ইনিংস, স্কটল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপে ৫০ বলে ৯৬। সব মিলিয়ে প্রতিভার প্রমাণ আগেই দিয়েছিলেন তিনি।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বৈভব সূর্যবংশীই ভারতের পরবর্তী বড় তারকা। আইপিএল ও সিনিয়র টিম ইন্ডিয়ার দরজা তাঁর জন্য আর খুব দূরে নয়। মাত্র ১৪ বছরেই বিশ্বকাপ ফাইনালে এমন দাপট ভবিষ্যতের জন্য বড় বার্তা দিল ভারতীয় ক্রিকেটকে।