Virat Kohli Test Retirement: টেস্ট ছাড়তে চাননি বিরাট? ইংল্যান্ড সফরের আগে ঠিক কী ঘটেছিল, জানালেন জাফর

হঠাৎই টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন বিরাট। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি? বিসিসিআই-এর চাপ ছিল? বিষয়টা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

Advertisement
টেস্ট ছাড়তে চাননি বিরাট? ইংল্যান্ড সফরের আগে ঠিক কী ঘটেছিল, জানালেন জাফরবিরাট কোহলি টেস্ট ছেড়েছিলেন কেন? (ছবি: রয়টার্স)
হাইলাইটস
  • হঠাৎই টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন বিরাট
  • কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি?
  • বিসিসিআই-এর চাপ ছিল?

হঠাৎই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট। শুরু হয়েছিল বিতর্ক। কোহলি ফ্যানেদের মধ্যে প্রশ্ন উঠেছিল, কেন আচমকা টেস্ট থেকে বিদায় নিলেন কোহলি? আর বিষয়টা নিয়ে এবার মুখ খুলছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে, যেভাবে কোহলির টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়টি সামলানো হয়েছিল, তাতে তিনি কিছুটা হতাশ হয়েছিলেন। জাফরের দাবি, আরও বেশ কিছু দিন টেস্ট ক্রিকেট খেলতে পারতেন বিরাট। ইংল্যান্ড সফরের আগে পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে ওয়াসিম জাফর বলেন, 'হ্যাঁ, একেবারেই। আমার মনে হয়েছিল, বিষয়টি যেভাবে সামলানো হয়েছিল, তা নিয়ে বিরাট অসন্তুষ্ট ছিলেন। কোহলির মতো একজন ক্রিকেটার মাঠে দর্শক টানেন। তাঁর বিপুল জনপ্রিয়তা। তিনি নিশ্চিতভাবেই আরও বেশ কিছু টেস্ট খেলতে পারতেন।'

যদিও জাফর মনে করেন, বিরাট বিষয়টা নিয়ে নিজে যতক্ষণ না নিজে মুখ খুলছেন, ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

কী হয়েছিল?

আসলে বিরাটের টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েক মাস ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তিনি ইংল্যান্ড সফরে যেতে চেয়েছিলেন। এমনকী টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে আগ্রহী ছিলেন। সেই মতো ২০২৫ সালের জানুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির একটি ম্যাচেও খেলেছিলেন কোহলি। লাল বলের ক্রিকেটের প্রতি নিজের দায়বদ্ধতা বোঝাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করা হয়েছিল।

যদিও দ্রুত বদলে যায় সেই পরিস্থিতি। রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা কোহলিকে জানান, ইংল্যান্ড সফরে অপেক্ষাকৃত তরুণ একজন অধিনায়কের উপর আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, দলের অন্য ব্যাটারদের মতো তাঁর জায়গাও পারফরম্যান্সের ভিত্তিতে বিচার করা হবে বলে তাঁকে জানানো হয়েছিল। 

এরপরই ক্রমশ হতাশ হয়ে পড়েন কোহলি। শেষ পর্যন্ত নির্বাচকদের জানিয়ে দেন, তিনি ইংল্যান্ড সফরে যেতে চান না। ঘনিষ্ঠ মহল এবং BCCI-এর কয়েকজন আধিকারিক তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন বলেও রিপোর্টে দাবি করা হয়। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি।

Advertisement


এই বিষয়ে জাফর বলেন, 'কোহলি প্রস্তুতি নিচ্ছিলেন। ইংল্যান্ড সফরের জন্য নিজেকে তৈরি করছিলেন। তাই এই পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আগেও বলেছি, কিছু নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বিষয়গুলি আরও ভালোভাবে পরিচালনা করা দরকার ছিল।'

নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন জাফরের
ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েও মতামত জানিয়েছেন ওয়াসিম জাফর। তাঁর মতে, কিছু সাহসী সিদ্ধান্ত সফল হয়েছে। কিছু সিদ্ধান্ত ক্রিকেটার এবং সমর্থকদের একাংশকে হতাশ করেছে। যদিও তাঁর মতে, টেস্ট ক্রিকেটে ভারতের খারাপ পারফরম্যান্সের দায় শুধুমাত্র নির্বাচকদের উপর চাপানো ঠিক নয়।

জাফরের কথায়, 'আমরা সাদা বলের ক্রিকেটে ভালো খেলেছি। কিন্তু লাল বলের ক্রিকেটে ততটা ভাল খেলতে পারিনি। তবে এর জন্য নির্বাচকরা দায়ী নন। এর দায়িত্ব কোচ এবং অধিনায়কের। তাঁরা কেমন দল মাঠে নামাবেন, সেটা তাঁদের সিদ্ধান্ত। নির্বাচকরা শুধু ক্রিকেটারদের নির্বাচন করতে পারেন।'

সবশেষে জাফর জানান, ক্রিকেটে সাহসী সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে। তবে বিরাট কোহলির মতো একজন তারকা ক্রিকেটারের টেস্ট অবসরের নেপথ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আরও ভালোভাবে সামলানো যেত। 

 

POST A COMMENT
Advertisement