সূর্যকুমার যাদবনিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে হেসেখেলে জয় পেয়েছে ভারত। রায়পুরের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের সামনে ২০৮ রানের বড় লক্ষ্য রেখেছিল নিউজিল্যান্ড। পরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। জয় আসে ২৮ বল বাকি থাকতেই।
আর সবথেকে বড় কথা কী জানেন, ব্যাটিংয়ের শুরুটা একবারেই ভাল হয়নি ভারতের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে মেন ইন ব্লু। তারপর ব্যাটিংয়ের হাল ধরেন ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব। তাঁদের দুইজনের ব্যাটের উপর ভর করেই ম্যাচ জিতে নেয় ভারত।
সেরা ইনিংস ঈশানের
শুক্রবারের ম্যাচে সেরা ইনিংস খেলেন ঈশান কিষান। তিনি মাত্র ২৬ বলে ৭৬ রান করেন। আর এই রানটা তিনি খুব কঠিন সময়ে করেন। ও দিকেআবার ৩৭ বলে অপারজিত ৮২ রান করেছেন অধিনায়ক সূর্যও।
ঈশানের এই ঝোড়ো ইনিংসে ছিল ৪টি ৬ এবং ১১টি ৪। ও দিকে সূর্য আবার ৯টি ৪ এবং ৪টি ছক্কা হাঁকিয়েছেন। আর এই দুইজনের ব্যাটিংয়ের উপর ভর করেই ম্যাচ জিতে নেয় ভারত।
আর ম্যাচ জেতার পরই ঈশানকে নিয়ে মজা করেন সূর্য। তিনি বলেন, 'আমি জানি না ঈশান আজ বিকেলে কী খেয়েছিল বা প্রিওয়ার্কআউটে ও কী খায়! তবে আমি কাউকে এমন ব্যাট করতে দেখিনি।'
বিশেষত, পাওয়ারপ্লেতে ঈশানের ইনিংসের প্রশংসা করেন সূর্য। আসলে ভারত মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল। তারপর সেখানে দাঁড়িয়ে ৭০ থেকে ৭৫ রান যোগ করেন ঈশান। এই প্রসঙ্গে সূর্য বলেন, 'আমরা ব্যাটারদের কাছ থেকে এটাই চাই। তাঁরা যাতে নিজের খেলাটা খেলতে পারে, সেটাই চাই।'
কেন রাগ করেছিলেন সূর্য?
মাথায় রাখতে হবে, এই ম্যাচে ঈশান এবং সূর্য জুটি মিলে ১২২ রান যোগ করেন। আর এই রানটা করতে তাঁরা মাত্র ৪৯ বল নেয়।
তবে ম্যাচে পাওয়ার প্লেতে ব্যাটিং করার তেমন সুযোগ পাননি সূর্য। তাই তিনি মজার ছলেই জানান, পাওয়ার প্লেতে ব্যাটিং করার সুযোগ না পেয়ে তিনি বেশ হতাশই হয়েছিলেন। তবে পরে যে তিনি ব্যাটিং করার অনেক সুযোগ পাবেন, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন তিনি।
এখানে বলে রাখা প্রয়োজন, অনেক দিন পর ছন্দে ফিরলেন ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার। তিনি ২৩ ম্যাচ পর পেরলেন ৫০-এর গণ্ডি। তবে রান না পেলেও যে তিনি ফর্মেই ছিলেন, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন তিনি। আর সেটা এই ইনিংসে প্রমাণিত হল।