এই সেই দৃশ্য, ছবি : AFP ভারত ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে উত্তেজনা। আউট হওয়ার পর মেজাজ হারিয়ে মাঠের মধ্যেই লঙ্কার বোলার অসিথা ফার্নান্ডোকে হেলমেটের গুঁতো ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের। তার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রীলঙ্কার অধিনায়ক হস্তক্ষেপ করেন। আম্পায়ারও দুজনকেই নিরস্ত করেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর মাঠ ছাড়েন ভারতীয় ব্যাটার।
আজই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। টসে জিতে ব্যাটকরার সিদ্ধান্ত নেন শুভমন গিল। রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী। জয়সওয়াল তখন ক্রিজে জমে গিয়েছিলেন। ১৭তম ওভারে অসিথা ফার্নান্ডোর বলে পরপর তিনটি চার মারেন। তবে শ্রীলঙ্কার ওই পেসার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। অসিথা রাউন্ড দ্য উইকেট এসে বলটি ভিতরের দিকে সুইং করান। যশস্বী সেটিকে অফ সাইডে পাঞ্চ করার চেষ্টা করেন। কিন্তু বল ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত করে।
উইকেট পাওয়ার পর অসিথা ফার্নান্ডোর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি যশস্বী জয়সওয়ালকে আগ্রাসী ভঙ্গিতে স্যান্ড-অফ দেন। আর তাতেই পরিস্থিতি কিছুটা বেশি উত্তপ্ত হয়ে ওঠে। অসিথার উদযাপনের পর যশস্বীও প্রতিক্রিয়া জানান এবং দু’জনের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা। খেলোয়াড়রা একে অপরের খুব কাছে চলে আসেন। এরপর দু’জনের মধ্যে শারীরিক সংস্পর্শও হয়। যশস্বী ওই বোলারের মাথায় নিজের মাথাও ঠেকান। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা হস্তক্ষেপ করেন এবং দুই খেলোয়াড়কে আলাদা করে পরিস্থিতি শান্ত করেন।
মাঠে স্লেজিং এবং কথার লড়াই নতুন কিছু নয়। তবে দুই খেলোয়াড়ের এভাবে কাছে চলে আসা একে অপরকে স্পর্শ করা ঘটনাকে আলোচনায় নিয়ে এসেছে। যশস্বী জয়সওয়ালের উইকেট ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এর আগে কেএল রাহুলও ১৮ রান করে আউট হয়ে যান। সব মিলিয়ে নতুন বলে ভারতীয় ব্যাটারদের উপর চাপ তৈরি করতে সফল হয়েছে শ্রীলঙ্কা।