বিশ্বকাপের ভিসা সংকটের মধ্যে ফিফা সভাপতি ইনফান্তিনো এক সাংবাদিককে 'শান্ত থাকতে ও আরাম করতে' বলেছেন২০২৬ বিশ্বকাপ এখনও শেষ না হলেও, ২০৩০ বিশ্বকাপকে ঘিরে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তাঁর বক্তব্য, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করা হবে কি না, তা নিয়ে ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলি গুরুত্ব সহকারে আলোচনা করবে। চলতি ফিফা বিশ্বকাপে মোট ৪৮ টি দেশ অংশ নিয়েছে, যার মধ্যে সেরা চার দল ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
এবারের বিশ্বকাপে দল সংখ্যা বাড়ায় কুরাকাও, কেপ ভার্দে, ডিআর কঙ্গোর মত দল উঠে এসেছে স্পেন, আর্জেন্টিনার সঙ্গে এক সারিতে। আগামী বিশ্বকাপে দল আরও বাড়লে এমন দলের সংখ্যাও আরও বাড়বে। সুইস সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, "বিশ্বকাপ কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং গোটা বিশ্বের প্রতিযোগিতা। তাই আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা জরুরি।” তাঁর মতে, "ছোট দেশগুলিকে বিশ্বকাপে খেলার সুযোগ দিলে তারা আরও উন্নতির জন্য অনুপ্রাণিত হবে। অন্যথায় তাদের অগ্রগতি ব্যাহত হতে পারে।"
১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিত ৩২টি দল। ২০২৬ সালে প্রথমবারের মতো সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮। বর্তমানে ১০৪ ম্যাচের এই আসরকে ইনফান্তিনো "দারুণ সফল” বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, সব মহাদেশের দলই গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। বিশেষভাবে আফ্রিকার সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, এবার আফ্রিকার ১০টি প্রতিনিধির মধ্যে ৯টিই নকআউট পর্বে উঠেছে, যা বিশ্ব ফুটবলের ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত দেয়। ২০৩০ বিশ্বকাপ ইতিহাসের প্রথম বহুমহাদেশীয় আসর হতে চলেছে। শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর মূল পর্বের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। যদি ৬৪ দলের প্রস্তাব অনুমোদন পায়, তবে দক্ষিণ আমেরিকার তিনটি দেশেও আরও বেশি ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হতে পারে।
যদিও ইনফান্তিনোর এই প্রস্তাব প্রসঙ্গে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফিফা সভাপতির মন্তব্যে স্পষ্ট যে, বিশ্বকাপকে আরও আকর্ষনীয় করার লক্ষ্যে ফিফা নতুন সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আগামী কয়েক মাসে এই বিষয়ে ফিফার বিভিন্ন কমিটির আলোচনার পরই পরিষ্কার হবে ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হবে কি না।