ইস্টবনেঙ্গলের হেড কোচ হাবাসএত দিনের টানাপোড়েন শেষে ইস্টবেঙ্গল এফসির (East Bengal) দায়িত্ব নিতে চলেছেন তিনবারের আইএসএল (ISL) জয়ী কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। যা খবর, ইতিমধ্যেই হাবাসকে চুক্তিপত্র পাঠানো হয়েছে এবং সম্ভবত ১+১ বছরের চুক্তিতে হেড কোচের দায়িত্ব নিচ্ছেন স্প্যানিশ প্রশিক্ষক।
ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা অনেকদিন ধরেই হাবাসের প্রতি আগ্রহী ছিলেন। কুয়াদ্রাত বা অস্কারকে নেওয়ার আগেও হাবাসকে নিতে আগ্রহী ছিল ক্লাব ম্যানেজমেন্ট। এবার পুরোদমে তাকে পেতে লেগে পড়ে ছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। আগামী কয়েক দিনের মধ্যেই সরকারি ঘোষণা করা হবে বলেই খবর।
হাবাসের নিয়োগ প্রসঙ্গে ইমামি গ্রুপের বিভাস আগরওয়াল বলেন, 'ইমামি ইস্টবেঙ্গলে আন্তোনিও লোপেজ হাবাসকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং জয়ের মানসিকতা ক্লাবের প্রতি আমাদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই দলকে নেতৃত্ব দেওয়ার এবং আমাদের সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি।'
কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, 'অত্যন্ত আবেগপ্রবণ সমর্থকগোষ্ঠী রয়েছে এমন একটি ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আমি একটি শক্তিশালী দল গঠন, আকর্ষণীয় ফুটবল খেলা এবং যৌথভাবে সাফল্য অর্জনের অপেক্ষায় আছি। এটি একটি নতুন চ্যালেঞ্জ এবং ইমামি ইস্টবেঙ্গলের জন্য নিজের সেরাটা দিতে আমি প্রস্তুত।'
এদিকে মাঝমাঠকে শক্তিশালী করতে ৩০ বছর বয়সী মিডফিল্ডার সাহিল টাভোরাকে দুই বছরের চুক্তিতে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। গত মরসুমে এফসি গোয়ার হয়ে সুপার কাপ জিতেছিলেন সাহিল। ইতিমধ্যেই দানিশ ফারুখকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। সঙ্গে জিকসন সিং, মহম্মদ রশিদ ও সৌভিক চক্রবর্তী রয়েছেন। এছাড়া ইন্টার কাশীর মিডফিল্ডার তোম্বা সিংয়ের সঙ্গেও চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। শুধু মাঝমাঠ নয়, রক্ষণকেও মজবুত করার কাজ করছে ইস্টবেঙ্গল। যা খবর, দীর্ঘমেয়াদি চুক্তিতে বাঙালি লেফট ব্যাক সন্দীপ মান্ডিকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল।
গত মরসুমে ইন্টার কাশীর হয়ে হাবাসের অধীনে খেলেছেন সন্দীপ। পাশাপাশি ইন্টার কাশীর সেন্টার ব্যাক নিশ্চল চন্দনও অনেকটাই নিশ্চিত। তবে সম্ভাবনা প্রবল, কেভিন সিবিল্লে হয়তো থাকছেন না ইস্টবেঙ্গলে। সেক্ষেত্রে উরুগুয়ের প্রথম ডিভিশনে খেলা এক ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বলা ভালো, সাহিল থেকে শুরু করে তোম্বা, সন্দীপ ও নিশ্চলকে নেওয়াটা হাবাসের পরিকল্পনা।