ফের ফাইনাল হবে? বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে হার এখনও মেনে নিতে পারছে না আর্জেন্টিনা। তাদের দাবি, রেফারির একাধিক ভুল সিদ্ধান্তের কারণে ট্রফি পাননি মেসিরা। তাই ফের ফাইনাল ম্যাচ আয়োজন করতে হবে। নতুন ম্যাচে যে ফলাফল হবে তাই মেনে নেবে তারা। নতুন ফাইনালের জন্য FIFA-র দ্বারস্থও হতে পারেন আর্জেন্টিনার সমর্থকদের একটা বড় অংশ।
FIFA-র কাছে চাপ বাড়ানোর জন্য চেঞ্জ.অর্গে (Change.org) নামে একটি অনলাইন মাধ্যমে পিটিশন জমা নেওয়া শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। সেখানে অনেকে অংশ নিয়েছেন। তাঁদের অভিযোগ, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত ভুল। পিটিশনে দাবি করা হয়েছে, ম্যাচের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্তই ফলাফলে নির্ণায়ক প্রভাব ফেলেছে।
বেইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশনে গিসেলা সানচেজ দাবি করেছেন, ম্যাচে এমন একাধিক রেফারিং সিদ্ধান্ত দেখা যায়, যা স্পেনকে বাড়তি সুবিধা দিয়েছে। তাঁর অভিযোগ, ওই সিদ্ধান্তগুলির কারণে আর্জেন্টিনার ফুটবলার, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে।
পিটিশনে ফিফার কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে রেফারিংয়ের বিষয়ে সম্পূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ফের ফাইনাল আয়োজনের দাবি জানানো হয়েছে।
এই প্রচার অভিযান শুধু আর্জেন্টিনার জন্য নয়, বিশ্ব ফুটবলের ভবিষ্যতের স্বার্থে করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন সানচেজ। অবাক করার মতো বিষয় হল, এই অনলাইন পিটিশনে ৬৭,৫০০-এরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সংখ্যাটা কয়েক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ফাইনালের রেফারিং নিয়ে কী বলেছিলেন কোচ স্কালোনি?
ফাইনালের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলির একটি ছিল আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের ট্যাকল। স্পেনের পাও কুবার্সির ওপর সেই ট্যাকলের জন্য লাল কার্ড দেখতে হয় এনজোকে। রেফারির সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেকে। তবে আর্জেন্টিনা কোচ স্কালোনি রেফারিকে দোষ দেননি। দায়ী করতে রাজি হননি। তিনি বলেছিলেন, স্পেন ভালো খেলে জিতেছে। তাঁদের দল ভালো ফলাফল করতে পারেনি খেলার ভুলে।
ফিফা কি বিশ্বকাপ ফাইনাল ফের আয়োজন করতে পারে?
অনলাইন পিটিশনটি দ্রুত সমর্থন পাচ্ছে। তবুও এর কোনও আইনি বা নিয়ন্ত্রক ভিত্তি নেই। চেঞ্জ.অর্গ (Change.org)-এর মতো প্ল্যাটফর্মে করা পিটিশন ফিফাকে কোনও সরকারি ফল বাতিল করতে বা ম্যাচ পুনরায় আয়োজনের নির্দেশ দিতে বাধ্য করতে পারে না। ফুটবলের আইন এবং ফিফার নিয়ম অনুযায়ী, অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে এবং নির্ধারিত আইনি ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।