ডায়মন্ড হারবার এফসিইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬-এর চ্যাম্পিয়নশিপ পর্বে শনিবার চানমারি এফসি-কে ২-০ গোলে অনায়াসে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ডায়মন্ড হারবার এফসি। আইজলের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার ৩৫ মিনিটে গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন আন্তোনিও মোয়ানো এবং ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় আর. রামদিনখারা গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের শুরু থেকেই দুই দল একে অপরের রক্ষণ ভাঙার চেষ্টা করছিল এবং মূলত মাঝমাঠেই বল দখলের কঠিন লড়াই চলছিল। চানমারির জোটা এবং কেসি মালসাওমসাঙ্গা নিজেদের গতি ব্যবহার করে আক্রমণে তীক্ষ্ণতা দেখালেও, ডায়মন্ড হারবার ধৈর্য ধরে আক্রমণ শানায়। ৩৫ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা মোয়ানো। বক্সের ধারে বল পেয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে একটি শক্তিশালী শট মারেন তিনি, যা পোস্টে লেগে জালে জড়ায়। এটি এই মরসুমে তাঁর পঞ্চম গোল। চানমারি আক্রমণে উঠলেও তাদের ফিনিশিংয়ের অভাব দেখা যায় এবং মালসাওমসাঙ্গা, পেপে ও লালরুয়াতসাঙ্গা দূর থেকে শট নিলেও তা ডায়মন্ড হারবারের গোলরক্ষক ধীরজ সিংকে সমস্যায় ফেলতে পারেনি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ডায়মন্ড হারবার।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়, চানমারি ভালো শুরু করলেও ডায়মন্ড হারবার খেলার গতি কমিয়ে দেওয়ার চেষ্টা করে। ডায়মন্ড হারবার বিপক্ষ অর্ধে বল পজেশন ধরে রেখে সেট-পিস এবং কাউন্টার-অ্যাটাক থেকে সুযোগ তৈরির চেষ্টা করে। চানমারি সমতা ফেরানোর চেষ্টা করলেও লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল এবং খুব একটা চাপের মুখে পড়েনি।
খেলার শেষ হওয়ার তিন মিনিট আগে বদলি খেলোয়াড় রামদিনখারা বাঁদিক থেকে আসা ব্রাইস মিরান্ডার ক্রস থেকে ফার্স্ট পোস্টে হেডে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন। ঘরের মাঠে চানমারি শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা করলেও, ডায়মন্ড হারবার খুব স্বাচ্ছন্দ্যেই এই ম্যাচ জিতে নেয় এবং মরশসুমের দ্বিতীয় ক্লিন শিট অর্জন করে।
দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আন্তোনিও মোয়ানো। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবার তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানেই থেকে গেল চানমারি।