ইস্টবেঙ্গলনাওরেম মহেশ সিং, মহম্মদ রাকিপের পর এবার কেভিন সিবিলের চোট। ইস্টবেঙ্গলে চোট পাওয়া ফুটবলারের সংখ্যা ক্রমশ বাড়ছে। গোপনীয়তা বজায় রাখতেই মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। বলা হয়েছিল, বুধবার অনুশীলন নেই, তবে চুপিচুপি অনুশীলন সারল লাল-হলুদ। তবে অনুশীলন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে নয়। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। যে মাঠে অনুশীলন করলে খবর বাইরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম।
তিন সপ্তাহ অনিশ্চিত সিবিলে
আইএসএল শুরুর আগে লাল-হলুদের চোটের তালিকা ক্রমশ বেড়েই যাচ্ছে। মহেশ সিং আগেই চোট পেয়ে ছিটকে গেছিলেন চার সপ্তাহের জন্য। প্রথম তিনটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। চোটের জন্য মহম্মদ রাকিপও প্রথম ম্যাচে নেই বললেই চলে। সেই তালিকায় নবতম সংযোজন কেভিন সিবিলে। এতদিন মনে হচ্ছিল, তাঁর প্রথম ম্যাচে খেলতে অসুবিধা হবে না। কিন্তু বুধবারের খবর অনুযায়ী, তিনি প্রথম ম্যাচে যে নামতে পারবেন না, তা বলেই দেওয়া যায়। চোট কতটা গুরুতর, খতিয়ে দেখা হচ্ছে। তবে যা শোনা যাচ্ছে, তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে। সিবিলে যদি সত্যিই সপ্তাহতিনেকের জন্য ছিটকে যান, তা ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা।
দুপুরে কিশোরভারতীতে গিয়ে দেখা গেল মাছি গলার উপায় নেই। গোটা স্টেডিয়ামের দুটো গেট মাত্র খোলা। সেখানেই বসিয়ে রাখা হয়েছে নিরাপত্তারক্ষীদের। হঠাৎ এতটা গোপনীয়তার প্রয়োজন হল কেন? খোঁজখবর নেওয়ার পরেই গোপন অনুশীলনের আসল কারণ জানা গেল। মোটামুটি এদিনই প্রথম ম্যাচের জন্য নিজের ছক সাজিয়ে নিলেন অস্কার ব্রুজো। প্রথমে হালকা গা ঘামানো, তারপর নিজেদের মধ্যে পূর্ণ দৈর্ঘ্যের অনুশীলন ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, পুরো ম্যাচেই প্রথম দলে খেলেন নতুন বিদেশি স্ট্রাইকার ইউসেফ ইজেজারি। দুটি অর্ধে একটি করে গোলও করলেন। মাঠজুড়ে বেশ নড়াচড়াও করলেন তিনি। বিরতির পর দ্বিতীয় দলে আনোয়ার, প্রভসুখন গিলদের রেখে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন অস্কার।
তবে রক্ষণ নিয়ে চিন্তা থাকবেই। প্রথম ম্যাচে ভারতীয় রক্ষণ নিয়েই নামতে হবে ইস্টবেঙ্গলকে। মহম্মদ রাকিপের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রাইটব্যাক হিসেবে খেলতে পারেন প্রভাত লাকরা। স্টপারে জুটি বাঁধতে পারেন আনোয়ার এবং জিকসন। মাঝমাঠে তিন বিদেশির থাকায় কোনও চমক নেই। তবে চমক থাকতে পারে রাইট উইংয়ে। দীর্ঘদিন পর অস্কারের বিশ্বাস অর্জন করতে পেরেছেন নন্দকুমার। বুধবার পর্যন্ত যা পরিস্থিতি, তাতে তিনিই এখন এই পজিশনে অস্কারের পয়লা নম্বর পছন্দ। আক্রমণে ইউসেফকে প্রথম ম্যাচে কতক্ষণ খেলানো হয়, সেটাই দেখার।
অন্যদিকে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্টবেঙ্গলকে নিখরচায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে ম্যাচ আয়োজন করার অনুমতি দিয়েছিলেন। সূত্রের খবর, প্রথম ম্যাচ থেকেই যুবভারতীতে খেলার জন্য উদ্যোগী হয়েছেন ইমামি কর্তারা। যুবভারতীতেই এবার আইএসএলের সব হোম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল