অস্কার ব্রুজোশনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। পরপর ২ ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর ঘুরিয়ে ক্লাব কর্তাদেরকেই দায়ি করলেন অস্কার। তবে তাঁর যে অভিযোগ তা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দলের কোচের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
কী বললেন অস্কার?
ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অস্কার বলেন, 'গত বছর আমি এখানে চতুর্থ ম্যাচের সময় এসেছিলাম, এবং প্রথম পয়েন্ট পেতে আমাদের ছয়টি ম্যাচ লেগেছিল। কিন্তু এই বছর চার ম্যাচে আমাদের সাত পয়েন্ট রয়েছে। আইএসএল ইতিহাসে এটা ইস্টবেঙ্গলের সেরা শুরু। আগামীকাল পাঁচ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছানোর সুযোগ আছে, যার মানে হবে প্রতি ম্যাচে গড়ে দুই পয়েন্ট। তাই আমি আমার ধারণা বদলাব না। দলের ভেতরে আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের লক্ষ্য কী। আমরা টেবিলের উপরের দিকে শেষ করতে চাই। আরও ভাল হলে টপ সিক্সে শেষ করতে চাই। তার থেকেও ভাল হলে প্রথম পাঁচে। যেখানে আমরা এখন আছি। এর বাইরে যা বলা হচ্ছে সেগুলো অনেকটা স্বপ্ন বা গল্প-হয়ত ইচ্ছাকৃতভাবে দলকে বিভক্ত করা বা অস্থির করার চেষ্টা। কিন্তু দলের ভেতরে আমরা সেগুলোকে কোনও গুরুত্ব দিচ্ছি না।'
তবে কাকে লক্ষ্য করে এমন বিস্ফোরক কথা বললেন অস্কার তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ময়দানে। অস্কার তাঁর পছন্দ মতো দল পেয়েছেন এ মরসুমে। শুরুটাও ভালই করেছিলেন। তবে ট্রফি ঘরে তুলতে পারেননি। আইএসএল-এও শুরুটা দারুণ হলেও, দুই ম্যাচ পরেই হোঁচট খেতে হয়েছে লাল-হলুদ দলকে। নর্থ ইস্ট ম্যাচে কিছু ভুল সিদ্ধান্তের জন্য সমালোচিত হতেই পাল্টা দিলেন অস্কার।
জামশেদপুর ম্যাচেই স্পষ্ট হয়েছিল, মিগুয়েলকে আটকে দিলেই ইস্টবেঙ্গলের আক্রমণের সাপ্লাই লাইন প্রায় বন্ধ হয়ে যায়। একই কৌশল ব্যবহার করে এফসি গোয়াও সমস্যায় ফেলেছিল লাল-হলুদকে। তার উপর সউল ক্রেম্পো না থাকায় মাঝমাঠে ভারসাম্য নষ্ট হয়েছিল। গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিংকে দিয়ে। শুরু করলেও খুব একটা সুবিধা হয়নি মিগুয়েল-রশিদদের। তাই কেরালার বিরুদ্ধে প্রথম একাদশে 'ফিট' সউল ক্রেম্পোকে ফেরানোর জোরালো সম্ভাবনা রয়েছে। সউল ফিরলে মাঝমাঠে ভারসাম্য বাড়বে এবং মিগুয়েল ও রশিদ আরও স্বাধীনভাবে খেলতে পারবেন। সেই মতো এদিন মূল দলের সঙ্গে অনুশীলনও করছেন সল।
সামান্য সেটের জন্য এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারেননি জয় গুপ্তা। কেরালার ম্যাচে তাঁর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। গোয়ার বিরুদ্ধে নুঙ্গা বা-প্রান্ত থেকে আক্রমণে সেইভাবে সাহায্য করতে পারেননি। তাই তিনি নাকি জয় গুপ্তা, কে শুরু করবেন সেই ব্যাপারে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। এদিন অনুশীলনে দীর্ঘা সময় ধরে ক্রস থেকে গোলের মহড়া চলে। কেরালার বিরুদ্ধে ম্যাচে দুই উইংয়ে পিভি বিষ্ণু ও বিপিন সিংকে ব্যবহার করতে পারেন অস্কার। তবে অ্যান্টন সজবার্গ এ দিনও মূল অনুশীলনে নামেননি। কয়েক পাক দৌড়ের পর আলাল করে ফিজিক্যাল ট্রেনিং করেন তিনি। সূত্রের খবর, তাঁর হালকা নক রয়েছে।