ইস্টবেঙ্গলইস্টবেঙ্গলের (East Bengal) আইএসএল (ISL 2026) জয়ের অন্যতম নায়ক তিনি। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে শেষ মুহূর্তে তাঁর অসাধারণ সেভই ট্রফির দিকে এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। লাল-হলুদের সেই গোলকিপার প্রভসুখন সিং গিলের (Prabhsukhan Singh Gill) চুক্তি শেষ হয়ে গেছে। প্রশ্ন উঠেছিল তাঁকে ধরে রাখতে পারবে কি না ইস্টবেঙ্গল। কারণ, এই মুহূর্তে ইনভেস্টর নিয়ে সমস্যায় তারা। ক্লাবকর্তারাই দল তৈরি করছেন।
সূত্রের খবর, শেষ কয়েকদিন গিলের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছিলেন রিক্রুটাররা। ইস্টবেঙ্গলের প্রস্তাবে সম্মত হয়েছেন গিল। সব ঠিক থাকলে আরও দু'বছর ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, ইন্টার কাশীর প্রতিভাবান সাইড ব্যাক সন্দীপ মান্ডির সঙ্গে ইস্টবেঙ্গলের কথা অনেকটা এগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করে দিলেও অস্কার ব্রুজোকেই কোচ রেখে দিতে চাইছে ইস্টবেঙ্গল। অস্কারের দুই স্প্যানিশ কোচিং স্টাফ সহ তাঁকে ধরে রাখতে আলোচনা চালাচ্ছে ক্লাব। এখন দেখার, আরও এক বছর ইস্টবেঙ্গল ডাগআউটে দেখা যায় কি না অস্কারকে।
প্রথমবার ইস্টবেঙ্গল আইএসএল জেতার পর, বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠেছে লাল-হলুদ জনতা। গোটা রাজ্য তো বটেই দেশের নানা প্রান্তে থাকা ইস্টবেঙ্গল ফ্যানরা আনন্দে মেতেছেন। তবে ইনভেস্টর সমস্যা তাদের সেই আনন্দে কিছুটা হলেও উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও এর মধ্যেই একাধিক ফুটবলারকে সই করানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে লাল-হলুদ। পাশাপাশি অস্কার ব্রুজোও যদি কোচ হিসেবে থেকে যান তা হলে আরও কয়েকজন চ্যাম্পিয়ন ফুটবলার থেকে যেতে পারেন এই ক্লাবেই।
ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়েন্ট তাদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার সই হয়ে গিয়েছে, বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পঞ্জাব এফ সি-র জার্সিতে দু্র্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। ফলে ইস্টবেঙ্গলকেও ভাল দল গড়তে হবে। না হলে ফের লাল-হলুদ ক্লাব পিছিয়ে পড়বে লড়াইয়ে।