ইস্টবেঙ্গলশনিবারের বিকেলে যুবভারতিতে যখন প্র্যাক্টিস করছিলো ইস্টবেঙ্গল, তখন গোটা বাগান-জনতার দখলে। ম্যাচ শুরু হয়ে গিয়েছে। ঘণ্টাখানেকের অনুশীলনে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোনের ফোকাস ছিল রক্ষণভাগে। কারণ সিবিলে নেই। রাকিপের চোট। আনোয়ারের সঙ্গে জুটি বাধবেন কে?
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দীর্ঘসময় মাঠের বাইরে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন মহম্মদ রাকিপ। এদিন অনুশীলনে উপস্থিত থাকলেও সাইডলাইনে ছিলেন তিনি। তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। ফলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে রক্ষণভাগ নিয়েই যাবতীয় চিন্তা ইস্টবেঙ্গলে। সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ার আলি ও মার্তণ্ড রায়নাকে রেখে ছক সাজাচ্ছেন অস্কার। দুই সাইডব্যাক লালচুংনুঙ্গা ও জয় গুপ্তা। মাঝমাঠে মহম্মদ রশিদ ও সল ক্রেসপোর ওপর বাড়তি দায়িত্ব থাকবে। দুই উইংয়ে বিপিন সিং ও নন্দকুমার। সামনে মিগেল ফিগেরার সঙ্গে নবাগত বিদেশি ইউসেফ ইজেজারি কতটা মানিয়ে নিতে পারেন, সেই দিকেও নজর থাকবে।
আইএসএলের উদ্বোধনী ম্যাচের জন্য স্টেডিয়ামজুড়ে কড়া নিরাপত্তার বলয় ছিল। তারমধ্যে পড়ে কিছুটা হয়রান হতে হল ইস্টবেঙ্গলের ফুটবলার, কোচিং স্টাফদের। সহকারী কোচ বিনো জর্জ ও গোলকিপার কোচ ফেলিক্স ডিসুজার গাড়ি স্টেডিয়ামের ৩ নম্বর গেটে আটকায় পুলিশ। সেই গেট থেকে ঢোকার অনুমতি পেল না অস্কারের গাড়িও। আনোয়ার, প্রভসুখন সিং গিল ও মার্তণ্ডকে বাগান-সমর্থকদের ভিড় ঠেলে হেঁটে কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে হল। শেষ পর্যন্ত ভিআইপি গেট দিয়ে ঢোকেন তাঁরা।
এবারের আইএসএল ছোট। ফলে একবার ছন্দ হারালে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। গত মরসুমে ঠিক সেটাই ঘটেছিল ইস্টবেঙ্গলের সঙ্গে।সে কথা মনে করিয়ে দিলেন কোচ অস্কার ব্রুজো। নর্থ ইস্ট ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'গত বছর প্রথম পাঁচ ম্যাচ আমরা কোনও পয়েন্ট পাইনি। ওখানেই সিজন শেষ হয়ে গিয়েছিল। কাল আবার লিগ শুরু হচ্ছে, আমাদের প্রথম ম্যাচ। আমরা ভাল ফল করে এই মরসূম শুরু করতে চাই।'