অ্যান্টন সজবার্গকলকাতায় এসেছেন মাত্র একদিন হয়েছে। তারপরে বৃহস্পতিবার প্রথম দলের অনুশীলনে যোগ দিয়েই সকলের নজর কাড়লেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অ্যান্টন সজবার্গ। এই প্রথম লাল-হলুদে কোনও ড্যানিশ ফুটবলার খেলতে এসেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথম দিনেই তাঁর দারুণ ফিটনেস, দ্রুত পাসিং এবং গোল করার ক্ষমতা দেখে যথেষ্ট প্রভাবিত হয়েছেন হেড কোচ অস্কার ব্রুজো থেকে ফুটবলাররা।
জানা যাচ্ছে এর আগে দলের আরেক বিদেশি ফরোয়ার্ড ইউসেফ এজ্জেজারি প্রথম দিনের অনুশীলনে সকলকে চমকে দিলেও, অ্যান্টন এদিন আরও বেশি নজর কেড়েছেন। এখন দেখার ম্যাচে তিনি দলকে কতটা সাহায্য করতে পারেন।
এদিকে শনিবার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে বৃহস্পতিবার ফের অনুশীলন শুরু করল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারানোয় দল বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। মনে করা হচ্ছে দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে সম্ভবত কোনও পরিবর্তন আনবেন না অস্কার। তবে ইতিমধ্যেই অনেকটা সুস্থ হয়ে যাওয়ায় রিজার্ভ বেঞ্চে থাকবেন মহম্মদ রাকিপ। অ্যান্টনও এই ম্যাচে শুরুতে রিজার্ভেই থাকবেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনুযায়ী তাঁকে ব্যবহার করতে পারেন অস্কার। পাশাপাশি ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে নাওরেম মহেশ সিং। সম্ভবত তৃতীয় অথবা চতুর্থ ম্যাচ থেকে তাঁকে অল্প সময়ের জন্য মাঠে নামাতে পারেন লাল-হলুদ কোচ। অন্যদিকে আর সপ্তাহ দেড়েকের মধ্যেই কলকাতায় চলে আসবেন ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার কেভিন সিবিল্লে। বর্তমানে তিনি স্পেনে রিহ্যাব করছেন। এখানে এসে রিহ্যাব পূর্ণ করে তাঁর মাঠে ফিরতে এপ্রিল মাস হয়ে যেতে পারে।
ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে ৩ গোলে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে। ফলে অনেকটাই চনমনে লাল-হলুদ শিবির। এর সঙ্গে ড্যানিশ তারকা যোগ দেওয়ায় আক্রমণ ভাগের শক্তি আরও বাড়ল তা বলাই বাহুল্য। তবে সমস্যা হল, দুই স্ট্রাইকারকে একসঙ্গে খেলানো নিয়ে। সেক্ষেত্রে মিডফিল্ডে দুই বিদেশির মধ্যে একজনকে দলের বাইরে রাখতে হবে।