ইস্টবেঙ্গলপ্রাথমিকভাবে ঠিক ছিল এ বছর আইএসএলের জন্য ষষ্ঠ বিদেশি নেবে না ইস্টবেঙ্গল। কিন্তু কয়েকদিন আগে সেই সিদ্ধান্ত পাল্টায়। ষষ্ঠ বিদেশির খোঁজ শুরু করে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ষষ্ঠ বিদেশি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন না হলে ডেনমার্কের স্ট্রাইকার অ্যান্টন সয়বার্গ ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে চলেছেন।
২৫ বছরের এই ফুটবলার শেষ খেলেছেন আমেরিকার দ্বিতীয় ডিভিশনের ক্লাব মন্টেরে বে এফসিতে। স্ট্রাইকার হিসেবে খেলার পাশাপাশি বাঁ পায়ের এই ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে স্বচ্ছন্দ। ৬ ফুট ইঞ্চি উচ্চতার অ্যান্টনের জন্য ইতিমধ্যেই নাকি ভিসার আবেদন করা হয়েছে। ইউসেফ ইজেজারির সঙ্গে তাঁর জুটি কতটা জমে ওঠে, তার উপর অনেকটাই নির্ভর করবে ইস্টবেঙ্গলের সাফল্য।
কপালে গুরুতর চোট থাকায় মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে আসেননি মহম্মদ রাকিপ। তবে তাঁকে প্রথম ম্যাচে নামানোর আপ্রাণ চেষ্টা করছেন কোচ অস্কার ব্রুজোন। পিঠের ব্যথায় এখনও অনুশীলন শুরু করতে পারেননি কেভিন সিবেলে। তবে তিনিও প্রথম ম্যাচে খেলতে পারবেন বলেই আশাবাদী ইস্টবেঙ্গল শিবির। এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন নবাগত বিদেশি স্ট্রাইকার ইউসেফ ইজেজারি। গোলও করলেন। তাঁকে পুরোপুরি ফিট মনে হয়েছে অনুশীলনে। সতীর্থরাও বেশ খুশি তাঁর অনুশীলন দেখে। ম্যানেজমেন্ট আশাবাদী দ্রুত পুরো ম্যাচ খেলার জায়গায় চলে আসবেন তিনি।
মহেশের জায়গায় কে?
নাওরেম মহেশ সিং-এর চোট দলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। প্রথম দিকের ম্যাচ গুলোতে মহেশের জায়গায় অস্কার কাকে খেলান সেদিকেও নজর থাকবে। তাঁকে হয়ত এই প্রস্তুতি ম্যাচেও দেখে নিতে চাইবেন অস্কার। ফলে আইএসএল শুরুর ৬ দিন আগে এই প্রস্তুতি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ লাল-হলুদের কাছে।
ইস্টবেঙ্গলের হোম ম্যাচ কোথায়?
হোম ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে না লাল-হলুদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপে কিশোর ভারতীর জায়গায় যুবভারতীতে সরে যাচ্ছে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। কিশোর ভারতীতে আসন সংখ্যা কম হওয়ায়, আপত্তি জানিয়েছিল লাল-হলুদ ক্লাব।