
এবারের বিশ্বকাপে বারবার শোনা গিয়েছে একই অভিযোগ। আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা মিশরের বিরুদ্ধে ম্যাচে রেফারি ও VAR-এর কয়েকটি সিদ্ধান্তের পরে আরও জোরালো হয়েছে এই দাবি। এমন আবহে রবিবার ভোরে কোয়ার্টার ফাইনালে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। তার আগে সাংবাদিক বৈঠকে সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। অনেকেই চায় না আর্জেন্তিনা আবার বিশ্বকাপ জিতুক এবং সেই কারণেই এমন অভিযোগ উঠছে, এমনটাই দাবি করলেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘আসলে আমরা আগের বিশ্বকাপ জিতেছি বলেই হয়তো অনেক মানুষ চায় না আমরা আবার জিতি। আমরা সেটা জানি। এই সমালোচনা এবং মন্তব্যই আমাদের ফুটবলারদের আরও অনুপ্রাণিত করে। এগুলোকে আমরা ঘুরে দাঁড়ানোর শক্তি হিসেবে ব্যবহার করি। মাঠে আরও ভালো পারফর্ম করার অনুপ্রেরণা জোগায় এই মন্তব্যগুলি।’
বিশ্বকাপে আর্জেন্তিনার কয়েকটি ম্যাচে রেফারি এবং VAR-এর কিছু বিতর্কিত সিদ্ধান্তের পরেই সোশ্যাল মিডিয়ায় ফিফার পক্ষপাতের অভিযোগ জোরালো হয়েছে। বিশেষত শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে আর্জেন্তিনার জয়ের পরে সেই বিতর্ক আরও বেড়ে যায়। অনেক সমর্থকের দাবি, ম্যাচের কিছু সিদ্ধান্তে ৫০:৫০ পরিস্থিতিতে সুবিধা পেয়েছে আর্জেন্তিনা।
আবার অনেকে মনে করেন, রোনাল্দো-নেইমারদের মতো তারকা ছিটকে যাওয়ার পরে লিওনেল মেসি বিশ্বকাপে থাকলে ফিফার বাণিজ্যিকভাবে লাভ হবে। যদিও এই দাবি কোনও প্রমাণিত তথ্যের ভিত্তিতে নয়, বরং সমর্থকদের ব্যক্তিগত মতামত। এই নিয়েও মুখ খুলেছেন স্কালোনি।
পক্ষপাতিত্বের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে স্কালোনি বলেন, ‘১৯৮৬ সালের পরে প্রায় ৪০ বছর কেটে গিয়েছে। তখনও বলা হয়েছিল আর্জেন্তিনাকে নাকি সুবিধা দেওয়া হচ্ছে। তাই এ সব আমাদের কাছে নতুন কিছু নয়। আসলে আর্জেন্তিনা এমন একটি দল, যাদের নিয়ে সবসময়েই বিতর্ক তৈরির চেষ্টা করা হয়। আমরা ফুটবলারদের বোঝাই যে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা আর্জেন্তিনাকে জিততে দেখতে চান না। তবে এটা স্বাভাবিক। যেমন অন্য অনেক দলের ক্ষেত্রেও এমনটা হয়।’