
বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচফিলাডেলফিয়ায় ব্যাপক ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। এর জেরেই দীর্ঘ সময় বন্ধ ফ্রান্স বনাম ইরাক ম্যাচ। প্রথমার্ধে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স। ফিফা ঘোষণা করে, আবহাওয়া খারাপ হতে পারে স্টেডিয়ামে বজ্রপাত হওয়ার আশঙ্কাও রয়েছে। এরপর ভক্তদের খোলা বসার জায়গাগুলো ছেড়ে যেতে বলা হয়।
কেন বন্ধ হলো ম্যাচ?
আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল, ফিলাডেলফিয়া অঞ্চলে ভারী বৃষ্টি, তীব্র বজ্রপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে। এমনকি কম তীব্রতার টর্নেডোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি। ফিফার নিরাপত্তা সংক্রান্ত নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল বা ১৩ কিলোমিটারের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটলে খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়। দর্শকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয় এবং কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে নতুন করে বজ্রপাত হলে আবার ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হয়।

এগিয়ে ফ্রান্স
ম্যাচের ৪৫ মিনিট শেষে স্কোর ছিল ফ্রান্স ১-০ ইরাক। এমবাপে ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন। কিন্তু হাফটাইমের বাঁশি বাজার পরপরই আকাশ কালো করে ঝড় শুরু হয়। স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা আসে: “বজ্রপাত এগিয়ে আসছে। দয়া করে গ্যালারি ছেড়ে স্টেডিয়ামের ভেতরে নিরাপদ আশ্রয়ে যান।” মাঠকর্মীরা ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানের মহড়া বন্ধ করে দেন। ফ্যান ফেস্টও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ফিফার নিয়ম ও অতীত উদাহরণ
ফিলাডেলফিয়া সকার ২০২৬-এর চিফ অপারেটিং অফিসার লরেন লামব্রুগো বলেন, 'বজ্রপাত হলে স্টেডিয়াম খালি করে সবাইকে মূল কনকোর্সে নেওয়া হয়। ৩০ মিনিট অপেক্ষার পর পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা শুরু হয়।' কিন্তু নতুন করে বজ্রপাত হলে আবার ৩০ মিনিটের অপেক্ষা। এভাবে ম্যাচ কয়েক ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে। গত বছর ক্লাব বিশ্বকাপে চেলসি-বেনফিকা ম্যাচ বজ্রপাতের কারণে ২ ঘণ্টা বন্ধ থেকে মোট ৪ ঘণ্টা ৩৮ মিনিটে শেষ হয়েছিল।