ইরানি ফুটবল দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্পইরান এবারের বিশ্বকাপে আদৌ অংশ নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর মধ্যেই মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত সমস্ত অংশগ্রহনকারী দেশের বৈঠকে হাজির ছিলেন না ইরানের কোনও প্রতিনিধি। গত সপ্তাহেই ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপে গর্ব সঙ্গে খেলতে নামবে ইরান। তাও আমেরিকাতেই। তবে মঙ্গলবারের বৈঠকে কেন তাঁদের কোনও প্রতিনিধি ছিলেন না তা নিয়ে কিন্তু জল্পনা চলছে।
কী কারণে আসতে পারল না ইরান?
দ্য অ্যাথলেটিকের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ভিসা জনিত সমস্যার কারণে মঙ্গলবার ইরান অনুপস্থিত ছিল, যে সমস্যার কারণে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলা ফিফা কংগ্রেসের সামগ্রিক অধিবেশনে তাদের উপস্থিতি বাধা পেতে পারে। এর আগেও গত ডিসেম্বরে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইরানি কর্মকর্তারা ভিসা পেতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন।
যুদ্ধের পর থেকেই বিতর্ক
ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার আগের ঘটনা এটি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান তাদের নির্ধারিত সব ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে তদবির করেছে, কিন্তু সেই অনুরোধ মানা হয়নি।
কী জানালেন ট্রাম্প?
এরপর থেকে ইরান ও আমেরিকা উভয় দেশের নেতারা একে অপরের উপর তোপ দেগেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, 'ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু আমি সত্যিই মনে করি না যে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য সেখানে থাকাটা উচিত হবে।'
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো অন্যান্য মার্কিন সরকারি কর্মকর্তারা যদিও কিছুটা সংযত ভূমিকা নিয়েছেন। তাঁরা প্লেয়ার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের নিরাপদ যাতায়াতের আশ্বাস দিলেও, কর্মকর্তা, সাংবাদিক এবং প্রশিক্ষক ছাড়া কারও আমেরিকার ঢোকার নিশ্চয়তা দেননি।
'ইরানকে নিয়ে সমস্যাটা তাদের খেলোয়াড়দের নিয়ে হবে না, বরং সমস্যাটা হবে অন্য সেইসব লোকদের নিয়ে, যাদেরকে তারা সঙ্গে আনতে চাইবে।' গত সপ্তাহে জনসমক্ষে মন্তব্যে এ কথা বলেন রুবিও। ফিফা সভাপতি যদিও ইরানের পাশেই দাঁড়িয়েছেন। 'এখন আমাদের বিশ্বকে আরও বেশি করে দেখাতে হবে যে আমরা এখানে আছি এবং ঐক্যবদ্ধ, এবং আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে সারা বিশ্ব থেকে একত্রিত হতে পারি, আমরা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারি।' ইনফান্তিনো বলেছেন।
কবে ম্যাচ ইরানের?
ইরান 'জি' গ্রুপে রয়েছে এবং তাদের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড (১৫ জুন) ও বেলজিয়ামের (২১ জুন) বিরুদ্ধে এবং সিয়াটলে মিশরের (২৬ জুন) বিরুদ্ধে খেলার কথা রয়েছে।