ইরান দলফের বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে শর্ত চাপালো ইরান। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলতে থাকা যুদ্ধের কারণে ইরান আমেরিকায় তাদের বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল। এরপর দফায় দফায় বৈঠক চলে। শেষ অবধি কানাডায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, ইরানের বিশ্বকাপ খেলতে আসতে কোনও সমস্যা নেই।
তবে এই আশ্বাস শুধু আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে নয়, ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর কাছ থেকে আশ্বাস চেয়েছে ইরান। তবেই তারা বিশ্বকাপে খেলতে যাবে বলে জানিয়েছেন সে দেশের ফুটবল ফেডারেশনের কর্তা মেহেদি তাজ। তিনি বলেন, ফিফা যদি দেশ ও এর প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে ইরান এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।
তাজ ইরানিয়ান সংবাদ্মাফধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ফিফাকে আমরা আমাদের প্রত্যাশাগুলো জানাবো। যদি তারা সেগুলো পূরণ করতে পারে, আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু যদি কোনো নিশ্চয়তা না থাকে, তা হলে অন্য সিদ্ধান্ত নিতে পারি।' পরে আরও ব্যাখা করে তিনি বলেন,' আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোকে অপমান করার অধিকার কারও নেই। অসম্মানের এই ধারা চলতে থাকলে আমরা ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে পারি।'
বুধবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই, তাজের অবস্থানকে সমর্থন করে বলেছেন, ইরান যাতে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই প্রতিযোগিতায় খেলতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব ফিফা ও আয়োজক দেশগুলোর রয়েছে। তিনি বলেন, 'আমাদের জাতীয় ফুটবল দল শুধু যুক্তরাষ্ট্রে যাচ্ছে না, তারা সেখানে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে,' তেহরানে সাংবাদিকদের বলেন বাঘাই। 'ফিফার নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা ও ভিসা দেওয়ার সুস্পষ্ট দায়িত্ব আয়োজক সরকারগুলোর রয়েছে
মাঠের বাইরের অনিশ্চয়তা থেকে দূরে, তাজ বলেছেন যে ইরান এই সপ্তাহে ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করবে এবং তুরস্কে একটি প্রশিক্ষণ শিবিরের পর তা থেকে চূড়ান্ত ২৬ জনে নামিয়ে আনবে। প্রধান কোচ আমির গালেনোই বলেছেন, টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগেই দলটি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরিকল্পনা করছে, যদিও প্রস্তুতি ম্যাচ আয়োজনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে এবং জানা গেছে যে বেশ কয়েকটি দল শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে। আগামী ১৫ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং অ্যারিজোনার টুকসনকে দলটির টুর্নামেন্ট ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে।