ইরান দলঅবশেষে ভিসা পেয়ে গেল ইরান। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে ফুটবলার সহ সাপোর্ট স্টাফরা এই ভিসা পেয়ে গেলেন। ফলে আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলার ক্ষেত্রে আর সমস্যা থাকল না পশ্চিম এশিয়ার দেশের। ইরানের সঙ্গে আমেরিকার চলতে থাকা যুদ্ধের আবহে এই ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে শেষ অবধি সেই ভিসা পেয়ে গেল ইরান।
বেশ কিছু দিন আগে আমেরিকার ভিসার জন্য আবেদন করেছিল ইরানের ফুটবল সংস্থা। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতির আবহে তা আটকে ছিল। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল। আগেই ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে চূড়ান্ত প্রস্তুতি শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়ে গিয়েছেন ইরানের ফুটবল কর্তারা।
আমেরিকা ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ইরানের ফুটবল কর্তারা। ফিফা কর্তাদেরও বিষয়টি জানানো হয়। দু’দিন আগে মেক্সিকোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তার দু’দিন পরই ইরানের ফুটবলারদের ভিসা দিল আমেরিকা। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো।
ট্রাম্প প্রশাসনের এক কর্তা আমেরিকার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আবেদন করার পর প্রয়োজনীয় সব কিছু করে ইরানের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ভিসা দেওয়া হয়েছে। তাঁদের জানিয়েও দেওয়া হয়েছে। এক জনের আবেদন বাতিল করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এটা ঠিক নয়। বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’
২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকার সেনাবাহিনী। পাল্টা জোরাল জবাব দেয় ইরান। এরপর থেকেই পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। টানা বোমা বরষন চলতে থাকে আমেরিকার বিভিন্ন সেনা ঘাঁটিতে। এর জেরেই আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইরান দাবি জানিয়েছিল, ফুটবলার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তার স্বার্থে তাদের ম্যাচ আমেরিকা থেকে সরানো হোক। যদিও এই আবেদনে ফিফা সাড়া দেয়নি। জানিয়ে দেওয়া হয়, আমেরিকাতেই সমস্ত ম্যাচ খেলতে হবে ইরানকে।