ফিফা বিশ্বকাপ কী দেখা যাবে ভারতে?আর মাত্র ১ মাস বাকি ফিফা বিশ্বকাপ শুরু হতে। মনে করা হচ্ছে এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসিদের শেষ বিশ্বকাপ। ফলে গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে এই বিশ্বকাপের জন্য। তবে ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এখনও জট কাটছে না। টিভি বা ওটিটি - কোথায় খেলা দেখা যাবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে তীব্র ধোঁয়াশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে ফিফা ও রিলায়েন্স-ডিজনির আলোচনা প্রাথমিক পর্যায়ে থমকে রয়েছে। দুই পক্ষ এখনও সহমত না হওয়ার কারণে ভারতের কোটি কোটি ভক্তরা বিশ্বকাপের লড়াই দেখা নিয়ে বিপাকে পড়েছেন। ফিফা প্রথমে সম্প্রচার স্বত্বের দাম ৯৩০ কোটি টাকা রেখেছিল। কোনও ভারতীয় কোম্পানি রাজি না হওয়ায় দাম কমিয়ে ৩২৬ কোটি টাকা করা হয়। বর্তমানে রিলায়েন্স ১৮৬ কোটি টাকার প্রস্তাব দিলেও ফিফা অনড়।
দূরদর্শনে দেখা যাবে ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মিডিয়া স্বত্ব নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার একাধিক খবরের পরিপ্রেক্ষিতে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শন ডিডি স্পোর্টসে টুর্নামেন্টটি সম্প্রচার করার জন্য এগিয়ে আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। তবে, এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
কেন এই সমস্যা?
আসলে এবারের বিশ্বকাপের আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকো। যে সময় ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেই সময় ভারতে মধ্যরাত বা ভোর। ফলে দর্শকদের দেখতে সমস্যা হতে পারে। সে কারণেই সংস্থাগুলো এগিয়ে আসছে না বলে জানা যাচ্ছে। তাদের আশঙ্কা, এবারের বিশ্বকাপে বিনিয়োগ করলে ব্যপক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদের। এ ব্যাপারে মুখ খুলেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ। তিনি বলেন, 'এর একটা বড় কারণ হলো ম্যাচের সময়সূচি, যেহেতু বেশিরভাগ ম্যাচই গভীর রাতে অনুষ্ঠিত হবে। কিন্তু আমি নিশ্চিত যে কোনো একটা উপায় বের হবেই, কারণ আমাদের দেশে এমন অনেক সম্প্রচারকারী আছেন যারা বিশ্বকাপের সম্ভাবনা বোঝেন।'
কী মত AIFF সাধারণ সম্পাদকের?
তবে এ ক্ষেত্রে এআইএফএফ-এর করার কিছুই নেই বলে মনে করেন সত্যনারায়ণ। তিনি বলেন, 'ফেডারেশনের দায়িত্ব, দেশের ফুটবল পরিচালনা করা। এটা একেবারেই ব্যবসায়িক ব্যাপার। বাণিজ্যিকভাবে হস্তক্ষেপ করে এ ব্যাপারে অবদান রাখার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। সেটা একেবারেই সম্ভব নয়।'
আগ্রহের অভাবেই কি কোনও সংস্থা এর দায়িত্ব নিতে চাইছেন না? এমন ধারণা নাকচ করে দিয়ে সত্যনারায়ণ বলেন, 'আমরা সবাই জানি বিশ্বকাপের সময় পুরো দেশ কতটা উত্তেজিত হয়ে ওঠে। এর মূল কারণ বাণিজ্যিক দিক। ম্যাচগুলো দেখাতে আগ্রহী সম্প্রচারকারী সংস্থা এবং এর উপযোগিতা নিয়ে ফিফার প্রত্যাশার মধ্যে একটা সমঝোতায় আসা প্রয়োজন।'