মেক্সিকো দলের উল্লাসপ্রথম দল হিসেবে বিশ্বকাপের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২তে পৌঁছে গেল মেক্সিকো (Mexico)। শনিবার সকালে লড়াকু দক্ষিণ কোরিয়াকে (South Korea) ১-০ গোলে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে নিল অন্যতম আয়োজক দেশ। তবে এই ম্যাচে জয় পাওয়ার জন্য গোলকিপার রাউল রাঙ্গেলের ডাবল সেভ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। পুরো ম্যাচে তাদের বল পজেশন ৫৭%. আর মেক্সিকোর বল পজেশন ছিল ৪৩%। তবে আক্রমণে ধার বেশি ছিল মেক্সিকোর। ৭ মিনিটে লুইস রোমোর অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন ব্রায়ান গুতিয়েরেজ, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭ মিনিটে জুলিয়ান কিনোনেসের হেড দুর্দান্তভাবে সেভ করেন কোরিয়ান গোলকিপার কিম সেউং-গিউ। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। উল্লেখ্য, ২০১০ সালের পর বিশ্বকাপে প্রথমার্ধে গোল হজম করেনি মেক্সিকো।
৫০ মিনিটে ডেডলক ভাঙেন মিডফিল্ডার লুইস রোমো। উঁচু বল ধরতে গিয়ে সতীর্থ লি কাং-ইনের সঙ্গে ধাক্কা খেয়ে বল ফেলে দেন গোলকিপার কিম সেউং-গিউ। ফাঁকায় পেয়ে সহজেই বল জালে জড়ান রোমো। গোলের পর মেক্সিকো আরও আক্রমণাত্মক হয়। ৭৬ মিনিটে রাউল হিমেনেজের শটও দারুণ সেভ করেন কিম।
প্রথম ম্যাচে লাল কার্ড দেখা সেন্টার-ব্যাক সেসার মোন্তেসের জায়গায় অধিনায়ক এডসন আলভারেজকে ডিফেন্সে নামান কোচ আগিরে। রাইট-ব্যাকে ইসরায়েল রেইয়েসের বদলে খেলেন হোর্হে সানচেজ, আর মিডফিল্ডে আলভারো ফিদালগোর জায়গায় সুযোগ পান লুইস রোমো। রোমো গোল করে ম্যাচসেরা হন, পেয়েছেন ৮ রেটিং। কোরিয়ার হয়ে সন হিউং-মিন ও লি কাং-ইন চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেননি।
এই জয়ে প্রথমবার বিশ্বকাপে টানা তিন ম্যাচ জয়ের হাতছানি মেক্সিকোর সামনে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও শেষ ম্যাচে চেকিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। ম্যাচ শেষে কোচ হং মিয়ং-বো বলেন, রক্ষণাত্মক ভুলের খেসারত দিতে হয়েছে তাদের।