আনন্দে মেতেছেন স্কটিশ সমর্থকরা আমেরিকার বোস্টনে বিয়ার সঙ্কট। বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) কারণে হাজার হাজার স্কটিশ সমর্থক ('টার্টান আর্মি') বোস্টনে আসায় শহরের বার ও পাবগুলোতে বিয়ারের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। সমর্থকরা এত বিপুল পরিমাণে বিয়ার পান করছেন যে জোগান দিতে হিমসিম খেটে হচ্ছে।স্কটল্যান্ডের ম্যাচগুলো ম্যাসাচুসেটসের ফক্সবরোতে হওয়ার কারণে স্টেডিয়াম ও ডাউনটাউন বোস্টনের বার ও পাবগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমসিম
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, চাহিদা মেটাতে বার ও পাবগুলোকে শনিবারে 'জরুরি বিয়ার ডেলিভারি'-র ব্যবস্থা করতে হয়। তবে তাতেও ডিস্ট্রিবিউটরদের গুদাম পর্যন্ত খালি হয়ে গিয়েছে। সবে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। এখনও বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ বাকি। এই অবস্থায় বিয়ারের সঙ্কট নিঃসন্দেহে সমস্যায় ফেলেছে আয়োজকদের।
পাব খোলা রাখার নিয়মে বদল
এই বিপুল সংখ্যক ফুটবল ভক্তদের জন্য ম্যাসাচুসেটসের গভর্নর মওরা হিলি (Maura Healey) একটি বিশেষ আইন পাশ করেন, যার ফলে বারগুলো রাত ২টার পরিবর্তে ভোর ৩টা পর্যন্ত মদ বিক্রির অনুমতি পায়। আর এরপরেই ঘটে এমন ঘটনা। শুধু বিয়ার খাওয়া নয়, বোস্টন শহরকে প্রায় নিজেদের দেশের মতোই মনে করছেন স্কটিশ ফ্যানরা। রাস্তায় ডিভাইডার হিসেবে ব্যবহার হওয়া কোন তুলে নিয়ে শহরে থাকা বিভিন্ন মূর্তির মাথার উপরে পরিয়ে দিচ্ছেন স্কটিশ সমর্থকরা।
হাইতির বিরুদ্ধে জয় স্কটল্যান্ডের
এই বিশাল উৎসবের ফলে শহরের পাব এবং রেস্তোরাঁগুলো রেকর্ড মুনাফা অর্জন করেছিল ঠিকই, তবে স্কটিশ সমর্থকদের লাগাতার মদ্যপানের কারণে শহরের বিয়ার সাপ্লাই চেইনে বড় ধরনের টান পড়েছিল। ‘টার্টান আর্মি’ নামে পরিচিত হাজার হাজার স্কটল্যান্ড সমর্থক ১৯৯৮ সালের পর তাদের দেশের প্রথম বিশ্বকাপ খেলা দেখতে ম্যাসাচুসেটসের এই শহরে সমবেত হয়েছেন। হাইতির বিপক্ষে স্কটল্যান্ডের ১-০ গোলের জয় মাঠে উদযাপনের ঢেউ তুললেও, এর পরবর্তী পরিস্থিতিতে বোস্টনের বেশ কয়েকটি বারে বিয়ারের জোগান অব্যাহত রাখতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।