ব্রাজিল দলের জন্য গান অভিষেকেরফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতেই গোটা বাংলায় ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনার (Argentina) সমর্থকদের উত্তেজনা বেড়ে যায়। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি এক অভিনব সঙ্গীত শ্রদ্ধার্ঘ্য নিয়ে হাজির হলেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত পারকাশন শিল্পী, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা অভিষেক বসু।
তাঁর নতুন গান ‘সেলেসাও অন সং’ ইতিমধ্যেই ফুটবল ও সঙ্গীতমহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিষেক বসুর সুর ও ভাবনায় নির্মিত এই বিশেষ সঙ্গীতের সহ-সুরকার প্রয়াত শিল্পী চন্দ্রচূড় মুখোপাধ্যায়। বিশ্বসংগীত, লাতিন আমেরিকান রিদম, ভারতীয় পারকাশন ও সমকালীন সাউন্ডস্কেপের এক শক্তিশালী মেলবন্ধনে তৈরি এই ট্র্যাক শুধু ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকেই উদযাপন করবে না, বরং তুলে ধরবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আবেগ, সাংস্কৃতিক সংযোগ এবং মানবিক ঐক্যের বার্তা।
ভারতের বহু প্রজন্মের ফুটবল সমর্থকদের কাছে ব্রাজিল শুধুমাত্র একটি দল নয়, বরং এক আবেগের নাম। সেই আবেগকেই আন্তর্জাতিক সংগীতভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন অভিষেক বসু।
এই প্রসঙ্গে অভিষেক বসু বলেন, 'ফুটবল এবং সংগীত — দুটোই মানুষের আবেগকে একসূত্রে বাঁধতে পারে। ব্রাজিলের ফুটবল দর্শন, তাদের ছন্দ, শক্তি এবং বিশ্বজুড়ে সমর্থকদের ভালোবাসা আমাকে এই সংগীত তৈরি করতে অনুপ্রাণিত করেছে।' প্রকল্পটির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াত সংগীতশিল্পী চন্দ্রচূড় মুখার্জীর সৃজনশীল স্মৃতিও। ফলে 'সেলেসাও অন সং' শুধু একটি ফুটবল অ্যান্থেম নয়, এটি এক আবেগঘন শিল্পসম্মত শ্রদ্ধাঞ্জলিও।
ভারতীয় সংগীত ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য অভিষেক বসু ইতিমধ্যেই পেয়েছেন একাধিক সম্মানজনক স্বীকৃতি, যার মধ্যে রয়েছে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড, ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড, ইন্ডিফেস্ট ক্যালিফোর্নিয়া বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড, আমেরিকান ট্র্যাক মিউজিক অ্যাওয়ার্ডস (লস অ্যাঞ্জেলেস), কলাকার অ্যাওয়ার্ড সহ আরও বহু আন্তর্জাতিক ও জাতীয় সম্মান।
বিশেষ এই বিশ্বসংগীত অ্যান্থেম 'সেলেসাও অন সং' আগামী ১১ই জুন, ২০২৬ থেকে বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে।