কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা রাতারাতি ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে ওঠেন স্পেনের বিরুদ্ধে বীরত্বপূর্ণ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2026) এক অবিশ্বাস্য রূপকথা জন্ম দিল আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে (Cape Verde)। ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) খেলার গৌরব অর্জন করেছে তারা। আর নিজেদের এই ঐতিহাসিক উদযাপনের মঞ্চেই তারা মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসি (Lionel Messi) ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হিউস্টনে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল কেপ ভার্দে। টানটান উত্তেজনার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। তবে নকআউট নিশ্চিত করতে তাদের তাকিয়ে থাকতে হয়েছিল গ্রুপ ‘এইচ’-এর অন্য ম্যাচের দিকে। ম্যাচ শেষে মাঠের মধ্যেই মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রেখে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেপ ভার্দের ফুটবলাররা। সেখানে স্পেন যখন উরুগুয়েকে পরাজিত করে, তখনই নিশ্চিত হয়ে যায় কেপ ভার্দের ইতিহাস। গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে পা রাখে তারা। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থাকা এই দলটি এর আগে স্পেনের সাথে গোলশূন্য এবং উরুগুয়ের সাথে ২-২ গোলে ড্র করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল।
দলের এই অভাবনীয় সাফল্যে গর্বিত কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ভোজিনহা। আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্নের ম্যাচটি নিয়ে তিনি বলেন, আমাদের কেউ কখনোই এমন স্বপ্ন দেখেনি। তবে আমরা জানতাম আমাদের যোগ্যতা আছে। আমরা যখন বিশ্বকাপে এসেছিলাম, অনেকেই হয়তো ভেবেছিল আমরা একটা ম্যাচও জিততে পারব না। তবে আমাদের একটি দুর্দান্ত দল রয়েছে। আর্জেন্টিনার মতো দল এবং লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্নের মতো।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি নিয়ে অধিনায়ক বলেন, আমরা ড্র করার জন্য মাঠে নামিনি, জেতার জন্যই খেলেছিলাম। পুরো ম্যাচে আমাদের বল পজিশন এবং সুযোগ বেশি ছিল। আমরা এই অভিনন্দন পাওয়ার যোগ্য।
তিনি বলেন, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমরা লড়াই করতে জানি। আমরা চরম প্রতিকূলতার মধ্যে বড় হয়েছি। আমাদের বাবা-দাদারা ত্যাগ স্বীকার করে আমাদের সবকিছুর মূল্য দিতে শিখিয়েছেন। আমরা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কেপ ভার্দের সব মানুষের প্রতিনিধিত্ব করছি।