ফিফা বিশ্বকাপ ও ইরান দলমধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের কারণে ইরানের ফুটবল দল আমেরিকায় বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে যেতে রাজি ছিল না। শুধু তাই নয়, তাদের দাবি ছিল, আমেরিকা নয়, তারা ম্যাচগুলো খেলবে মেক্সিকো বা কানাডায়। যদিও সেই প্রস্তাবে সাড়া দিল না বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। যে সূচি রয়েছে তা মেনেই খেলতে হবে ইরানকে জানিয়ে দিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।
আমেরিকাতেই খেলতে হবে ইরানকে
তুরস্কের অ্যান্টালিয়ায় এখন বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে আছে ইরানের ফুটবলাররা। সেখানে ইনফান্তিনো বলেছেন, 'ড্র অনুযায়ী যেখানে ম্যাচ হওয়ার কথা সেখানেই হবে।’ গত বছর বিশ্বকাপে যোগ্যতা অর্জন কর ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই সূচি অনুযায়ী হওয়ার কথা আমেরিকার লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেলে। যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। নিরাপত্তার জন্য ইরান অনুরোধ করেছিল ফিফার কাছে, তাদের ম্যাচ মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়া হোক। কিন্তু ফিফা স্পষ্ট করে দিল তাদের অবস্থান। ইরানের ক্রীড়া দফতর আবার জাতীয় দলের ‘শত্রু’ দেশে খেলতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় দেখার যে ইরান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।
ইরান বিশ্বকাপ খেলবে বলে আশাবাদী ফিফা প্রধান
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছিল বড় প্রশ্ন। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে ইনফান্তিনো বলেন, ‘ইরান বিশ্বকাপে থাকবে। সে কারণেই আমরা এখানে। আমি দলটিকে দেখেছি, খেলোয়াড় ও কোচের সঙ্গে কথা বলেছি, সব কিছু ঠিক আছে।’
এর আগে কী জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প?
প্রথমে শোনা গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরান দলকে স্বাগত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু পরে ট্রাম্প মন্তব্য করেন, ‘নিজেদের নিরাপত্তার জন্যই ইরানের বিশ্বকাপ খেলতে আমেরিকায় আসা উচিত নয়।’ এর জবাবে ইরান কড়া সুরে জানিয়ে দেয়, ‘কেউ ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।’