এই ফ্রেমে কেকেআর খেলোয়াড়রা একে অপরের সাথে উদযাপন করছেন। (X)চোট পেয়ে আইপিএল এবারের মতো শেষই হয়ে গেল অঙ্গকৃষ রঘুবংশীর।চলতি মরশুমে আইপিএলে কেকেআরের সর্বোচ্চ স্কোরার তিনি। ১৩ ম্যাচে করেছেন ৪২২ রান। কেকেআর যে শেষ ৭ ম্যাচের মধ্যে ৬টি জিতে প্লে অফের দৌড়ে রয়েছে, তার জন্য অঙ্গকৃষের ধারাবাহিক ভালো ব্যাটিং অন্যতম কারন।রবিবার দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার বিকেলে কেকেআর যখন ইডেনে আসে,তখন টিমবাস থেকে নামার সময় দেখা যায় স্লিঙ্গিং ব্যাগে বাঁহাত ঝুলিয়ে নামছেন অঙ্গকৃষ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেনে আগের ম্যাচে তিলক বর্মার ক্যাচ ধরতে গিয়ে বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন অঙ্গকৃষ। তাঁর মাথায় ও আঙুলে চোট লাগে। সেই ম্যাচে কেকেআর জিতলেও, অঙ্গকৃষ আর মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে মাঠে নামেন তেজস্বী দাহিয়া।
সেই চোটই কাল হল অঙ্গকৃষের। আইপিএল থেকে ছিটকেই গেলেন মুম্বইয়ের তরুণ। শুক্রবার রাতে কেকেআর শিবির থেকে জানানো হল, আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ।
কীভাবে পেলেন চোট?
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরুণের বলে উঁচু ক্যাচ তুলেছিলেন তিলক। বরুণ সেই ক্যাচ ধরেই নিয়েছিলেন প্রায়। আচমকাই উইকেটের পিছন থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে বরুণকে ধাক্কা মারেন অঙ্গকৃষ। তিনি দেখেননি যে, বরুণ ক্যাচটা ধরেই ফেলেছেন। আচমকা ধাক্কায় ক্যাচ ফেলে দেন বরুণ। চোট পান অঙ্গকৃষ।
সংঘর্ষের পরই মাঠ ছাড়েন অঙ্গকৃষ। সেই ম্যাচে নাইট জার্সিতে অভিষেক হয় তেজস্বীর। রবিবারের ম্যাচে দিল্লির বিরুদ্ধে তেজস্বীই হয়তো খেলবেন। প্র্যাক্টিসে দেখা গেল, তেজস্বীকে দীর্ঘক্ষণ কিপিং প্র্যাক্টিস করালেন ফিল্ডিং কোচ দিশান্ত যাজ্ঞিক। এদিকে চলতি আইপএলের শেষম্যাচ রবিবার ইডেনে। সেই দিন ক্রিকেট এবং দর্শকদের জন্য বাড়তি কিছু দেওয়ার পরিকল্পনা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। দুই মিনিট চল্লিশ সেকেণ্ডের একটি ভিডিও তৈরি করা হয়েছে যা দুই ইনিংসের বিরতিতে দেখানো হবে। ১৯৮৭ সালে ইডেন গার্ডেন্স। সেই প্রথম বাংলার মাটিতে কোনও বিশ্বকাপের ফাইনাল। অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার ট্রফি জয় এখনও সোনালি স্মৃতি।