মহম্মদ রাশিদচেন্নাইন ম্যাচের আগে ফিট হয়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। এদিকে চিন্তা দূর হওয়ার বদলে যেন আরও চিন্তা বেড়ে গেল লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর। শনিবার অনুশীলন চলাকালীন পায়ে চোট পেলেন দলের মিডফিল্ডের অন্যতম ভরসা মহম্মদ রশিদ।
এদিন অনুশীলনে ম্যাচ চলাকালীন হঠাৎই চোট পান রশিদ। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও এবং মেডিক্যাল স্টাফরা এসে রশিদের প্রাথমিক চিকিৎসা করে। রশিদকে ধরে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। কাঁধে ভর দিয়েও একেবারেই হাঁটতে পারছিলেন না রশিদ। মাঠ থেকে বেরনোর সময়ও হালকা অস্বস্তিতে দেখা গেল তাঁকে। যা নিয়ে অবশ্যই চিন্তা বাড়বে অস্কারের। দ্রুত এমআরআই করা হবে রশিদের।
এদিকে হংকংয়ের বিরুদ্ধে কুঁচকিতে চোট পাওয়া আনোয়ার আলি এদিন অনুশীলনে আসেননি। শুক্রবার সকালে আনোয়ারের এমআরআই হয়, যদিও রিপোর্ট এখনও সামনে আসেনি। শুক্রবার আনোয়ার ড্রেসিংরুমে ছিলেন। কুঁচকির পেশিতে ব্যথা পাওয়ার কারণে আপাতত কয়েক দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে আনোয়ারকে। চেন্নাইন ম্যাচের আগে হাতে সময় রয়েছে, তাই আনোয়ারকে নিয়ে ধীরে চলো নীতি অবলম্বন করছে ইস্টবেঙ্গল।
এদিনও যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে জোরকদমে অনুশীলন সারলেন দলের বাকিরা। শুরুর দিকে অনুশীলনে সাইডলাইনে দেখা যায় নন্ধকুমারকে। পরে তিনি দলের সঙ্গে মূল অনুশীলনে যোগ দেন।
এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা তাতে এখান থেকে পরপর ম্যাচ জেতা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই ইস্টবেঙ্গলের সামনে। ইতিমধ্যেই তারা ৪ থেকে ৫ নম্বরে নেমে গিয়েছে। ফলে শীর্ষে ওঠার লড়াইইয়ে সব ম্যাচ থেকে পয়েন্ট চাই। এমন ম্যাচে চেন্নাইয়েনের বিরুদ্ধে রাশিদকে না পাওয়া গেলে সমস্যা বাড়বে তা ভালভাবেই জানেন কোচ অস্কার ব্রুজো। এর মধ্যেই আনোয়ার আলি যদি শেষ অবধি সুস্থ হতে না পারেন তবে সমস্যা আরও বারার আশঙ্কা রয়েছে। কেভিন সিবিলে দলের সঙ্গে যোগ দিলে কিছুটা রক্ষণ জমাট হবে। সেক্ষেত্রে জিকসন সিং-কে ডিফেন্স থেকে সরিয়ে মিডফিল্ডে এনে গভীরতা বাড়ানোর চেষ্টা করতে পারে লাল-হলুদ।