সয়বার্গআইএসএলের ইতিহাসে এই প্রথম শুরুর দুই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই টানা তিন ম্যাচ জয়ের নজির গড়বেন প্রভসুখন গিলরা।
কিন্তু তার আগে বেশ কয়েকটি সমস্যা চিন্তায় রাখছে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোকে। প্রথমত, এদিনও সল ক্রেসপো চোটের জন্য পুরো অনুশীলন করতে পারেননি। দ্বিতীয়ত স্যোশাল মিডিয়ায় তাঁর ও অধিনায়ক সলের দূরত্ব নিয়ে চর্চা শুরু হয়েছে, তা নিয়েও যথেষ্টই চিন্তিত লাল-হলুদ কোচ। কারণ তাতে দলের পরিবেশ নষ্ট হতে পারে। তাই এদিন সল ও অস্কার দু'জনেই জানিয়ে গেলেন, এমন খবর পুরোপুরি ভিত্তিহীন।
তা হলে সল কি শুক্রবার প্রথম একাদশে থাকছেন? ইস্টবেঙ্গল কোচ জানিয়ে গেলেন, "সলের জন্য শুক্রবার সকাল পর্যন্ত দেখা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।" আগের ম্যাচে টেকনিক্যাল কারণে শেষ পর্যন্ত বেঞ্চে রাখতে পারেননি নবাগত বিদেশি অ্যান্টন সোজবার্গকে। জামশেদপুরের বিরুদ্ধে তাঁর অভিষেক হচ্ছেই। ইস্টবেঙ্গলের ইতিবাচক দিক, নাওরেম মহেশের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা। কিন্তু এই মুহূর্তে লাল-হলুদ জনতার হৃদয়ে জায়গা করে নেওয়া মিগুয়েল ফিগুয়েরা কি শুক্রবার প্রথম একাদশে থাকছেন? গত দু'দিন ঘাড়ের ব্যথার জন্য অনুশীলন করতে না পারলেও এদিন কিন্তু ঘাড়ে স্ট্যাপ লাগিয়ে পুরো অনুশীলন করলেন মিগুয়েল।
প্রতিপক্ষ দলে এমন দু'জন প্রাত্তন ইস্টবেঙ্গল ফুটবলার রয়েছেন যাঁরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যে কোনও সময়ে। প্রথমজন মাদিহ তালাল, দ্বিতীয় জন মেসি বাউলি। এই মরশুমে ইস্টবেঙ্গলের মতো জামশেদপুরও প্রথম দুই ম্যাচে জিতে রয়েছে। এই দুই ম্যাচে তালাল দূরন্ত ফুটবল উপহার দিয়েছেন। সঙ্গে রয়েছে তাদের অভিজ্ঞ কোচ ওয়েন কোয়েল। এদিন অস্কার বলেন, 'ওদের কোয়েলের মতো একজন অভিজ্ঞ কোচ রয়েছে। একই সঙ্গে তালাল ও বাউলির মতো ফুটবলার রয়েছে। গত মরশুমে আমরা সবথেকে খারাপ ম্যাচ খেলেছিলাম চেন্নাইয়িনের বিরুদ্ধে। কারণ সেই দলের কোচ ছিল আওয়েন। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে।'