alberto rodriguez mohun baganগত কয়েক সপ্তাহে বল পায়ে নিলেও, দলের সঙ্গে অনুশীলন করেননি মোহনবাগান সুপার জায়েন্টের রবসন রবিনহো। তবে মঙ্গলবার পুরোদমে ঘাম ঝড়ালেন ব্রাজিলিয়ান উইঙ্গরা। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান। বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে একটু হলেও চাপ বেড়েছে সবুজ-মেরুন শিবিরে।
একাধিক গোলের সুযোগ তৈরি করেও, গোল করতে পারেননি দিমিত্রি, ম্যাকলারেনরা। এই পরিস্থিতিতে মুম্বইয়ের বিরুদ্ধেই জয়ের সরণীতে ফিরতে চাইছে মোহনবাগান। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রবসন রবিনহো। মঙ্গলবার বেশ কিছুক্ষণ দলের সঙ্গে অনুশীলন করলেন তিনি। শুরুতে ফিজিক্যাল ট্রেনিং করে, পাসিং অনুশীলনে যোগ দেন। যদিও মূল অনুশীলনের সময় আলাদা করে রিহ্যাব করলেন রবসন। তবে মুম্বই ম্যাচে ররসনকে শুরু থেকেই দেখা যাবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।
পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে তাঁকে ব্যবহার করাতে পারেন লোবেরা। রবসনকে নিয়ে আশার আলো দেখা গেলেও, চিন্তা কমছে না বাগান শিবিরে। মঙ্গলবার অমকাই অনুশীলন চলাকালীন চোট পেলেন আলবার্তো রদ্রিগেজ। কিয়ান নাসিরির একটি ট্যাকেলে আঘাত পান তিনি। দ্রুত প্রাথমিক চিকিৎস হলেও, খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। পরে সাজঘরে গিয়ে চোটের জায়গায় বরফ দিতেও দেখা যায়। যদিও চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। চোটের জায়গায় পরীক্ষা করানো হবে। মুম্বই ম্যাচের আগে হাতে এখনও দুটো দিন সময় রয়েছে। আলবার্তো মাঠে নামতে পারবেন কিনা তা হয়তো সময় বলবে। সূত্র মারফত খবর, আলবার্তোর চোট গুরুতর নয়। কিন্তু ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটু হলেও চিন্তায় বাগান শিবির।
পরপর ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। শনিবারের ম্যাচ ড্র করলেও টানা চার ম্যাচ জয় পায় সের্জিও লোবেরার দল। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দুই নম্বরে রয়েছে জামশেদপুর। এই ম্যাচটা জিততে পারলে সবুজ-মেরুনকে টপকে যাওয়ার সুযোগ ছিল জামশেদপুরের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টে হেরে গিয়ে কিছুটা ব্যাকফুটেই চলে যেতে হয়েছে। ফলে কিছুটা হলেও চাপ কমেছে সবুজ-মেরুন শিবিরের।