sahal abdul samad, mohun baganISL-এবার একেবারে চূড়ান্ত জায়গায় এসে পৌঁছে গিয়েছে। রবিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। পরিস্থিতি এমন যে এখান থেকে কোনও পয়েন্ট হারানো চলবে না মোহনবাগান সুপার জায়েন্টের। ফলে বাড়তি সতর্ক কোচ সের্জিও লোবেরা। দলে চোট আঘাত নিয়ে সমস্যা থাকলেও, তাকে কোনওভাবেই অজুহাত হিসেবে খাড়া করতে নারাজ তিনি।
শনিবার সকালে কলকাতায় অনুশীলন সেবে বিকেলের বিমানে গুয়াহাটি উড়ে গেল মোহনবাগান ফুটবলাররা। শুক্রবার অনুশীলনেও চনমনে মেজাজেই দেখা গেল জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সনের। চাপের মধ্যেও নিজেদের ফোকাস ধরে রাখতে মরিয়া মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হওয়ার আগে সাংবাদিক সম্মেলনেও ইতিবাচক বার্তা দিলেন বাগান কোচ।
প্রথম চার ম্যাচে অপরাজিত থাকলেও, শেষ চার ম্যাচে ছন্দ হারিয়েছে লোবেরার দল। চোটের জন্য মাঠের বাইরে আপুইয়া এবং আলবার্তো রদ্রিগেজ। যদিও চোট-আঘাতকে অজুহাত করতে চান না তিনি। লোকেরা বলেন, 'আপুইয়া ছাড়া সকলেই এই ম্যাচের জন্য সুস্থ। কিন্তু চোট-আঘাত কোনও অজুহাত হতে পারে না। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আপুইয়ার বিকল্প তৈরি রয়েছে।'
অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসির ঘরের মাঠে অতীতের পরিসংখ্যান মোহনবাগানের পক্ষে সুখকর নয়। চলতি মরসুমে নিজেদের সেরা ছন্দে নেই হাইল্যান্ডাররা। তবুও পাহাড়ের দলটিকে সমীহ করছেন লোবেরা। এই প্রসঙ্গে তিনি বলেন, 'নর্থইস্ট যথেষ্ট শক্তিশালী দল। যদিও তারা এই মরশুমে ভাল পারফর্ম করতে পারছে না। কিন্তু তাদের আক্রমণ এবং ট্রানজিশন খুবই ভাল। আমাদের সতর্ক থাকতে হবে।'
পাশাপাশি শেষ ম্যাচে দুর্দান্ত গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সাহাল আব্দুল সামাদ। পরবর্তী ম্যাচের প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম একাদশে সুযোগ পাওয়া সব ফুটবলারের স্বপ্ন। অমিও তার ব্যাতিক্রম নই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচের হাতে।' অন্যদিকে শেষ ম্যাচে পঞ্জাব এফসির বিরুদ্ধে করা গোলকে, নিজের কেরিয়ারের অন্যতম সেরা গোল হিসাবে বেছে নিলেন সাহাল আব্দুল সামাদ। সাহাল প্রথম একাদশে জায়গা পাবেন কিনা, তা হয়তো সময় বলবে। কিন্তু নখইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে বদ্ধপরিকর সার্জিও লোবেরা।