আলবার্তো রডরিগেজ ও আপুইয়া রালতেপরের ম্যাচে প্রতিপক্ষ এফসি গোয়া। ম্যাচটি ৯ মে হওয়ায় হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট কোচ সার্জিও লোবেরার। এই সময়ের মধ্যে মোহনবাগান কোচের সব থেকে বড় চ্যালেঞ্জ আলবার্তো রডরিগেজ আর আপুইয়া রালতেকে ফিট করে তোলা। এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার আপাতত চোট পেয়ে মূল দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না। দু'জনেই পুরোদমে রিহ্যাব করছেন সাইড লাইনে।
আপুইয়া-আলবার্তো ফিট?
মাঝের এই বিরতিটা তাই আপাতত মোহনবাগান শিবিরের জন্য কিছুটা স্বস্তির। আগের নর্থ-ইস্ট ম্যাচেও খেলতে পারেননি আপুইয়া ও আলবার্তো। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচেও ১-০ গোলে জিতেছে মোহনবাগান। কার্যত এই ম্যাচ জিতেই চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান ভালো করে নিয়েছিল সবুজ-মেরুন। কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলের প্রথম ছয় দলের যা অবস্থান তাতে যে কোনও দলই লিগ জিততে পারে। এদিনও আপুইয়া, আলবার্তোরা রিহ্যাব করার পাশাপাশি মোহনবাগানের বাকি ফুটবলাররা পুরো দমেই অনুশীলন করছেন।
টানটান উত্তেজনা এবারের আইএসএল-এ
এই মুহূর্তে ১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এফসি গোয়া। একই ম্যাচে একই সংখ্যক পয়েন্ট নিয়ে তিন নম্বরে মুম্বই সিটি এফসি। আর ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।
ফলে টক্কর বেশ জোরদার। এখান থেকে পয়েন্ট নষ্ট করলেই সমস্যায় পড়তে হবে যে কোনও দলকে। ফলে খুব স্বাভাবিক ভাবেই বেশ সতর্ক সব দলই। যদিও মনে করা হচ্ছে, শেষ অবধি লড়টাই হবে কলকাতার দুই বড় দলের মধ্যেই। সেক্ষেত্রে ডার্বি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে যদি কোনও দল পয়েন্ট নষ্ট করে তা হলে সমস্যা বাড়বে সেই দলের। ফলে টানটান উত্তেজনা দুই দলের সমর্থকদের মধ্যেই। এখন দেখার মোহনবাগান আইএসএল ট্রফি ধরে রাখতে পারে কিনা। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ট্রফি জিততে পারে কিনা।