মোহনবাগানআইএসএলের প্রথম চারটি ম্যাচে মোহনবাগান ছুটছিল অশ্বমেধের ঘোড়ার মতো। তখন সার্জিও লোবেরার দলের খেলা দেখে মনে হচ্ছিল, এই দলকে আটকানোর ক্ষমতা কারওর নেই। দুরন্ত গতিতে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার দিকে। কিন্তু শেষ দু'ম্যাচে হঠাৎই ছন্দপতন। প্রথমে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র। তারপর ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে হার। এই দু'ম্যাচে ৫ পয়েন্ট নষ্ট বেশ কিছুটা ধাক্কা দিয়েছে বাগান শিবিরকে।
ফিফা ব্রেকের জন্য আইএসএলের ম্যাচ নেই। মোহনবাগানের পরের ম্যাচ ৪ এপ্রিল। তবে দুই ম্যাচের ধাক্কা কাটিয়ে আবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া বাগান কোচ লোবেরা। পরিস্থিতি বুঝতে পেরে অনুশীলন শুরু করেছে মোহনবাগান। দলের একঝাঁক ফুটবলার জাতীয় শিবিরে। তাই অনুশীলনে ফুটবলার বাড়ানোর জন্য যুব দলের বেশ কয়েকজনকে ডাকা হয়েছিল। এদিন অনুশীলনে ছিলেন না জেমি ম্যাকলারেন।
সূত্রের খবর, তিনি দিন দুয়েকের মধ্যে অনুশীলনে যোগ দেবেন। বাকি ফুটবলারদের নিয়ে এদিন বৃষ্টির মধ্যেই হালকা অনুশীলন করালেন মোহনবাগান কোচ। দলের ওপর চাপের প্রসঙ্গে লোবেরা অনুশীলন শেষে বলেন, 'আমি চাপ নিয়েই কাজ করতে ভালবাসি। আমার তাতে সমস্যা নেই।' প্রথম দলের একাধিক ফুটবলার জাতীয় শিবিরে থাকায় কি অনুশীলনে সমস্যা হবে? লোবেরার বক্তব্য, 'আমার দলের এখন একাধিক ফুটবলার অনুশীলনে নেই। তবে এটা নিয়ে অজুহাত দিতে নারাজ। আমাকে এর মধ্যেই কাজ করতে হবে।' অন্যদিকে, ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ। বাগানের ব্রাজিলীয় ফুটবলার রবসন রবিনহো বললেন, 'খুব বড় ম্যাচ। দেখার ইচ্ছে ছিল। কিন্তু অনেকটা রাতে। তাই শুক্রবার হাইলাইটস দেখব।'