রবসন রবিনহোআইএসএলে শুরুতে টানা চার ম্যাচ জিতে ছুটছে মোহনবাগান সুপার জায়েন্ট। আগামী শনিবার প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে সের্জিও লোবের দল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মুখোমুখি জেমি ম্যাকলারেনরা। পাঁচে পাঁচ করার ম্যাচেও মোহনবাগান হয়তো পাবে না তাদের দলের ব্রাজিলীয় তারকা রবসন রোবিনহোকে।
এখন কতটা ফিট রবসন?
মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবসন। তবে চোট সারিয়ে ক্রমশ সুস্থ হওয়ার পথে ব্রাজিলীয় ফুটবলার। সোমবারও অনুশীলনে রিহ্যাবেই ছিলেন। মাঠের ধারে কিছুক্ষণ হেঁটেছেন রবসন। চোটের জায়গায় ব্যথা না থাকলেও বল পায়ে দিন দুয়েক পর অনুশীলন শুরু করতে পারেন তিনি। মোহনবাগান কোচ ঝুঁকি নিয়ে হয়তো বেঙ্গালুরুর বিরুদ্ধে রবসনকে খেলাবেন না। বেঙ্গালুরুর পর ২০ মার্চ মুম্বই সিটির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে মোহনবাগান। সব ঠিক থাকলে সেই ম্যাচেই হয়তো ফিরবেন রবসন।
টানা চার জয়ে দুরন্ত ছন্দে মোহনবাগান। বিধ্বংসী ফর্মে অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। ৪ ম্যাচে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে সবুজ-মেরুনের 'ম্যাকা'। লোবেরার অধীনে পুরনো মেজাজে ফিরেছেন সবুজ-মেরুন জনতার হার্টথ্রব দিমিত্রি পেত্রাতোসও। সব মিলিয়ে খেতাব ধরে রাখার লক্ষ্যে ঠিক পথেই এগোচ্ছে মোহনবাগান। যদিও ১৩ রাউন্ডের এবারের আইএসএল-এ পদস্খলন হলে চ্যাম্পিয়ন হওয়ার আশা কমে যেতে পারে। তাই সতর্ক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
মরসুমের শুরুতেই কেরল ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে শুরু করেছিল মোহনবাগান। এরপর চেন্নাইয়েন এফসিকেও একই ব্যবধানে হারায় সবুজ-মেরুন। মহমেডানের বিরুদ্ধে ৫-১ গোলে জয়ের পর, ওড়িশা এফসিকেও একই ব্যবধানে উড়িয়ে দেয় সের্জিও লোবেরার দল। তবে এই সমস্ত ম্যাচ ছিল, ঘরের মাঠে। এবারেই প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে তারা। শীর্ষে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।