রবসন রবিনহোশুক্রবার ওড়িশার বিরদ্ধে ২০২৫-২৬ আইএসএল মরসুমের চার নম্বর ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। পরপর চার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থাকাই প্রধান লক্ষ্য লোবেরার। তবে নিজের চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সাবধানী মোহনবাগান কোচ। পুরানো দলের চেনা ভারতীয় ফুটবলারদের যথেষ্ট সমীহই করলেন তিনি। এই ম্যাচে রবসনের না থাকা বড় ফ্যাক্টর হতে পারে।
ওড়িশার বিরুদ্ধে একটি পরিবর্তন আনতেই হবে দলে। আগের ম্যাচে দুই গোল করা জয়ের নায়ক ব্রাজিলিয়ান রুবসন রবিনহো ম্যাচের প্রথমার্ধেই চোটের কারণে মাঠ ছাড়েন। ম্যাচের আগের দিন রিহ্যাব শুরু করেছেন তিনি। তাই বলাই যায়, শুক্রবার মাঠে থাকবেন না রবসন। তাঁর জায়গায় শুরু করার সম্ভাবনা রয়েছে বাগানের অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের। মাঝমাঠে জেসন কামিন্স, উইংয়ে দিমি এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন-এই ত্রিভুজ তৈরি করে আক্রমণ দেখা যেতেই পারে শুক্রবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ফিরবে মেহতাব-আলবার্তো জুটি?
তবে লিস্টন কোলাসোর নিজের পুরনো জায়গায় ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লিস্টন ফিরলে মাঠে পুরনো লিস্টন-মনবীর জুটিকেও ফের দেখতে পারেন মোহনবাগান সমর্থকেরা। মহমেডান ম্যাচে ডিফেন্সে আলবার্তো রদ্রিগেজ-এর সঙ্গে জুটি বেঁধেছিলেন দীপক টাংরি। তবে ওড়িশা ম্যাচে ফিরতে পারে মেহতাব-আলবার্তো জুটি। ম্যাচের আগের দিন অনুশীলনে উইং থেকে বল ভাসিয়ে বক্সে গোল করার জন্য বেশ কিছুক্ষণ অনুশীলন করান বাগান হেডস্যার। তাই সাংবাদিক সম্মেলনে গোল পার্থক্যকে তেমন গুরুত্ব না দেওয়ার কথা বললেও তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে যে গোল বাড়িয়ে নিতে চায় মোহনবাগান, তা কার্যত স্পষ্ট।
দূর থেকে শটে গোল করা লক্ষ্য
পাসিং ফুটবলের পাশাপাশি লং রেঞ্জের শট থেকেও গোল পাচ্ছেন দিমিরা। আগের ম্যাচে পাঁচ গোল অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দেবে মোহনবাগানকে। রবসনের মাঠে না থাকা আদৌ সমস্যায় ফেলবে বাগানের আক্রমণভাগকে, নাকি অজি ত্রিভুজেই বাজিমাত করবেন লোবেরা, তার উত্তর মিলবে শুক্রবার যুবভারতীতে।