মোহনবাগানশুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হাই ভোল্টেজ ম্যাচ। মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বই সিটি এফসি। গত ম্যাচ ড্র করে কিছুটা হলেও চাপে মোহনবাগান সুপার জায়েন্ট। ফিফা ব্রেকের আগে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য তাদের। বলাই যায় মোহনবাগানের কাছে যেমন এই ম্যাচ লিগ টেবিলের শীর্ষ স্থান পাকা করার লড়াই। তেমনই মুম্বইয়ের কাছে লিগ টেবিলের উপরে উঠে আসার ম্যাচ।
চাপে রয়েছে মোহনবাগান
এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যথেষ্ট চাপ বাগান শিবিরে। মঙ্গলবার অনুশীলন চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়েন বাগান ডিফেন্ডার। বুধবার পুরোটাই সাইডলাইনে সময় কাটালেন তিনি। আলবার্তো রড্রিগেজকে নিয়ে বাড়তি সাবধানতা অবলম্বন করছেন বাগান কোচ। তবে সূত্র মারফত খবর, ব্যক্তিগত ভাবে মুম্বই ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন আলবার্তো। টিম ম্যানেজমেন্টও মাঠে চাইছেন তাঁকে। তবে মোহনবাগান রক্ষণের স্তম্ভ আলবার্তো রদ্রিগেজকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না কোচ সের্জিও লোবেরা। বৃহস্পতিবারের অনুশীলন দেখেই আলবার্তোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোহনবাগান কোচ।
মুম্বই ম্যাচে ফিরতে পারেন রবিনহো
অন্যদিকে, চোট কাটিয়ে ফেরত এসে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করছেন রবসন রবিনহো। বল পায়ে অনুশীলনে বেশ চনমনে মেজাজেই দেখা গেল তাঁকে। যদিও মুম্বই ম্যাচে শুরু থেকে খেলবেন না তিনি। পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হাতে পারে তাঁকে। তবে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে। ডিফেন্সে আলবার্তো খেললে, তাঁর সঙ্গী হবেন মেহতাব।
সেক্ষেত্রে আক্রমণে জুড়ে দেওয়া হতে পারেন কামিন্সকে। আবার আলবার্তো পুরোপুরি সুস্থ না হলে বিকল্প নাম অবশ্যই টম অলড্রেড। বাকি দলে পরিবর্তন আসার সম্ভবনা নেই। কামিন্স দলে ঢুকলে ডান প্রান্তে খেলবেন লিস্টন। সেক্ষেত্রে জায়গা হারাবেন মনবীর। বুধবার অনুশীলনে আলাদা করে সেটপিসের উপর নজর দিলেন লোবেরা। কর্ণার বা ফ্রি কিক থেকে সুযোগ তৈরি করতে পারছে না মোহনবাগান। সেই জায়গায় আরও বৈচিত্র্য চাইছেন বাগান কোচ।