মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বসুরবিবার মোহনবাগানের কাছে হিসেবটা খুব সোজা। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেডকে হারালেই ফের চলতি ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষে চলে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে মুম্বই সিটি এফসির হারের পরে হিসেবটা তেমনই দাঁড়িয়েছে মোহনবাগানের জন্য। আর এই ম্যাচের গুরুত্বটা, ঠিক কতটা অপরিসীম, তা আরও একবার বোঝা গেল মোহনবাগান কোচ সার্জিও লোবেরার আচরণে। দলের সঙ্গে গুয়াহাটিতে একসঙ্গে এলেও, গোয়া বনাম মুম্বই ম্যাচ দেখতে আগেই টিম হোটেলে চলে আসেন লোবেরা।
রবিবারের ম্যাচের আগে মোহনবাগানের জন্য আরও সুখদ্ধর হল এই ম্যাচে নর্থইস্টের হয়ে নেই বিদেশি মিডফিল্ডার মিচেল জবাকো এবং জিতিন এম এস। যদিও এখানকার পরিবেশ কিছুটা হলেও চিন্তায় রাখছে সোবেরাকে। কলকাতায় বর্তমানে প্রচন্ড গরম হলেও, গুয়াহাটিতে শেষ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। শনিবারও এখানকার আবহাওয়া খারাপ ছিল। বেলায় রোদ উঠলেও, রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও রয়েছে গুয়াহাটির উচ্চতা।
শনিবার কলকাতায় অনুশীলন শেষে সেই কারণেই লোবেরা বলেন, 'গুয়াহাটির আবহাওয়া এবং উচ্চতা একটা সমস্যা তৈরি করতে পারে। তবে আমি অজুহাত দিতে চাই না। আমাদের যা স্কোয়াড রয়েছে, তাতে যেকোনও পরিস্থিতিতেই লড়াই করা সম্ভব। এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।' বাগানের প্রথম একাদশ নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। নর্থইন্টের বিরুদ্ধে অ্যালবার্তোর পরিবর্তে প্রথম একাদশে আসছেন টম অলড্রেড। তাঁর সঙ্গে স্টপারে সম্ভবত জুটি বাঁধবেন মেহতাব। এছাড়া দুই সাইড ব্যাক হতে চলেছেন অভিষেক এবং শুভাশিস বসু।
সাহাল যদি প্রথম একাদশ না পান সেক্ষেত্রে মাঝ মাঠে অনিরুদ্ধ থাপার পাশে খেলবেন দীপক টাংরি। এছাড়া দুই উইংয়ে থাকবেন লিস্টন এবং মনবীর। নম্বর টেন পজিশনে খেলতে পারেন রবসন এবং আক্রমণে থাকবেন জেমি ম্যাকলারেন। আরও একটি সম্ভাবনা রয়েছে। সাহাল প্রথম একাদশে খেললে তিনি সম্ভবত নম্বর টেন পজিশনে খেলবেন। সেক্ষেত্রে থাপর পাশে খেলবেন টাংরি। তখন দুই উইংয়ে খেলতে পারেন রবসন এবং দিমি তোতোস। সামনে জেমি ম্যাকলারেন।