ইস্টবেঙ্গল গ্যালারিসমীকরণ বলছে বৃহস্পতিবার কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল যদি ইন্টার কাশীকে হারিয়ে দেয়, তাহলে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যাবে। ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবেন বৃহস্পতিবার মাঠে যেতে। কিন্তু কিশোর ভারতীতে দর্শক আসন ১২ হাজার মতো। টিকিট বিক্রি সর্বোচ্চ করা যাবে হাজার দশেক। এটা কাশীর হোম ম্যাচ। কাশী কর্তৃপক্ষ যদি সব টিকিট ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্রি করে, তাহলেও চাহিদা পূরণ অসম্ভব। এই মুহূর্তে আর্থিকভাবে বিপর্যস্ত ইন্টার কাশী।
সূত্রের খবর, এই ম্যাচের টিকিটের দাম ন্যূনতম ৫০০-১০০০ টাকা করার ভাবনা শুরু হয়েছে। ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তারা রবিবার ম্যাচের পর নিজেদের মধ্যে আলোচনা করেন। সোমবার কাশীর সঙ্গে আলোচনায় বসে ইস্টবেঙ্গল প্রস্তাব দেবে ম্যাচ আয়োজনের দায়িত্ব তাদের ছাড়ার জন্য। তাতে কাশীকে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু আর্থিক ক্ষতি সহ্য করেও এই ম্যাচের টিকিট নিজেদের হাতে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল। যাতে টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখা যায়।
কী জানাল ইস্টবেঙ্গল?
তবে লাল-হলুদের এই প্রস্তাব এআইএফএফ কি মানবে? সেটাই বড় প্রশ্ন। ডার্বি ম্যাচ শেষে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'আমরা ফেডারেশনের কাছে জানাবো। এত ছোট মাঠ, দর্শকরা আসবেন কী করে? মাত্র ১০,০০০ জন সমর্থক নিয়ে খেলা হবে? টিকিটের দামও বাড়তে পারে। আমরা তাই ফেডারেশনকে জানাবো। যদি ম্যাচের জায়গা বদল করা যায়।'
কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল?
ইন্টার কাশীর হোম গ্রাউন্ড নিয়ে প্রচুর নাটক হয়েছে এবারের আই এসএল-এ। প্রথমদিকে বেশ কয়েকটি ম্যাচ তাদের দর্শকশূন্য মাঠে খেলতে হয়েছে। ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের অঙ্ক খুব সোজা। দুই দলই যদি শেষ ম্যাচ জেতে, তা হলেও চ্যাম্পিয়ন হবে লাল-হলুদই। কারণ, সেক্ষেত্রেও পয়েন্ট একই থাকবে দুই দলের। আর ৫ গোলের ব্যবধানে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। আর মোহনবাগান কোনওভাবে পয়েন্ট নষ্ট করলে তো কথাই নেই। শুধু হারা চলবে না।