Kylian Mbappe : বিশ্বকাপে হার এখনও তাড়া করে বেড়ায়, আবেগঘন বার্তায় ভেঙে পড়লেন এমবাপে

সতীর্থ ও গোটা দলের কাছে তিনি ক্ষমাও চেয়ে নেন। দলের অধিনায়ক হিসেবে আরও ভালো সমাপ্তি তাঁর দল উপহার দিতে পারত বলেই মনে করেন ফরাসি অধিনায়ক।

Advertisement
বিশ্বকাপে হার এখনও তাড়া করে বেড়ায়, আবেগঘন বার্তায় ভেঙে পড়লেন এমবাপেএমবাপের ক্ষমাপ্রার্থনা
হাইলাইটস
  • ২৭ বছর বয়সী এমবাপে নিজের হতাশা লুকিয়ে না রেখে বলেন, আমরা দলগত শিরোপা জিততে পারিনি'
  • সতীর্থ ও গোটা দলের কাছে তিনি ক্ষমাও চেয়ে নেন এমবাপে

ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে। কিন্তু হারের যন্ত্রণা ভুলতে পারেননি অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রকাশ্যেই সেই কথা জানালেন তিনি। দলের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েও তিনি স্বীকার করেছেন, ট্রফি হাতছাড়া হওয়ার কষ্ট দীর্ঘদিন তাঁর সঙ্গে থাকবে। 

সোমবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দেন ফ্রান্স ও তাঁর সমর্থকদের। তিনি সাফ জানান, এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখলেও ট্রফি না পাওয়ার যন্ত্রণা তিনি পাচ্ছেন। 
 
তিনি লিখেছেন, 'ধন্যবাদ। এক মাসের আবেগ। সীমা ছাড়িয়ে যাওয়ার লড়াই। ফ্রান্সের জার্সি গায়ে চাপানোর গর্ব। আর সর্বোপরি সেই একই আবেগ, যা আমাদের মাঠে খেলতে অনুপ্রাণিত করে এবং আপনাদেরও টিভির পর্দার সামনে কিংবা গ্যালারিতে বসে আমাদের সমর্থন করতে উদ্বুদ্ধ করে। আমরা একসঙ্গে যা কাটিয়েছি, তা এক অবিশ্বাস্য যাত্রা।' 

২৭ বছর বয়সী এমবাপে নিজের হতাশা লুকিয়ে না রেখে বলেন, আমরা দলগত শিরোপা জিততে পারিনি। এই কষ্ট থাকবে, এবং কিছুদিন থাকবেই। আমি সেটা অস্বীকার করব না।' 

সতীর্থ ও গোটা দলের কাছে তিনি ক্ষমাও চেয়ে নেন। দলের অধিনায়ক হিসেবে আরও ভালো সমাপ্তি তাঁর দল উপহার দিতে পারত বলেই মনে করেন ফরাসি অধিনায়ক। লেখেন, 'হয়তো আমরা আপনাদের আরও সুন্দর সমাপ্তি উপহার দিতে পারতাম। কিন্তু গল্পের শেষটা সবসময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে, সেই গল্পে আমরা কতটা উজাড় করে দিতে পারি। আর আমরা আমাদের সবটুকুই দিয়েছি।' 

গোল্ডেন বুট জিতেও দলের কৃতিত্বই বড়

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। তবে এই ব্যক্তিগত সাফল্যের কৃতিত্ব তিনি পুরো দলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি বারবার লিখেছেন, ব্যক্তিগত সাফল্যের থেকে দলকে বেশি গুরুত্ব দেন। তাই তাঁর কৃতিত্ব তাঁর একার নয়। তাঁর কথায়, 'সতীর্থদের পরিশ্রম, দৌড়, পাস এবং দলগত মানসিকতা ছাড়া আমি এত গোল করতে পারতাম না। এই সম্মান পুরো দলের।' 

Advertisement

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলা ছিল স্বপ্নপূরণ

রিয়াল মাদ্রিদের এই তারকা জানান, ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেন। তিনটি বিশ্বকাপ খেলা, একটি শিরোপা জয় এবং এবার অধিনায়ক হিসেবে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়াকে তিনি জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'ছোটবেলায় অন্তত একবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতাম। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, একটি জিতেছি। আর এবার অধিনায়ক হিসেবে খেলতে পারাটা আমার কাছে বিরাট সম্মানের। এই স্মৃতি আমি কখনও ভুলব না।' 

দিদিয়ে দেসঁ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ

এমবাপে ফ্রান্সের কোচ দিদিয়ে দেসঁ-এর পাশাপাশি দলের ফিজিও, রাঁধুনি, কোচিং স্টাফ, ড্রাইভার এবং পর্দার আড়ালে কাজ করা সকল কর্মীকেও ধন্যবাদ জানান। তিনি লেখেন, 'তাঁদের ছাড়া এই যাত্রা কখনও সম্ভব হতো না।' পরের বছর ফ্রান্স যে ফের ট্রফির জন্য ঝাঁপাবেন সেটাও পরিষ্কার করে দেন এমবাপে। লেখেন, 'এই বিশ্বকাপ শেষ হচ্ছে। কিন্তু আমাদের গল্প শেষ নয়। সামনে আরও ম্যাচ আসবে, আরও গ্রীষ্ম বা শীতের সন্ধ্যা আসবে, যখন আমরা আবার এই একই খেলার সামনে একত্রিত হব, একই আবেগ নিয়ে। আমাদের একসঙ্গে খেলা এখনও শেষ হয়নি।' 

বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন ছুটিতে রয়েছেন এমবাপে। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি রিয়াল মাদ্রিদে ফিরে নতুন মরসুমের প্রস্তুতি শুরু করবেন। এবার ক্লাবের নতুন প্রধান কোচ হোসে মরিনহোর অধীনে খেলবেন ফরাসি অধিনায়ক।

POST A COMMENT
Advertisement