হাসপাতালে টুটু বসুগুরুতর অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি স্বপনসাধন বসু, ওরফে টুটু বসু। সোমবার রাতে 'মোহনবাগান রত্ন' ৭৮ বছর বয়সী টুটু বসু কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এই প্রসঙ্গে হাসপাতালের সিইও প্রদীপ চন্দন বলেন, 'কার্ডিয়াক অ্যারেস্ট এবং হাইপোক্সিক এনসেফালোপ্যাথি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় টুটু বসুকে। তাঁর দ্রুত চিকিৎসা শুরু হয় এমার্জেন্সিতে। তারপর নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাঁকে দেখছেন। আমরা সবরকমভাবে চেষ্টা করছি।'
পাশাপাশি তিনি এটাও জানান, এখন তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এখন অজ্ঞান অবস্থায় রয়েছেন।
কী জানা যাচ্ছে?
যতদূর খবর, সোমবার দুপুরে যথারীতি খাওয়াদাওয়া করেছিলেন টুটু বসু। তারপর বিশ্রাম নিতে শুয়েছিলেন। কিন্তু সন্ধে গড়িয়ে গেলেও ঘুম থেকে ওঠেননি তিনি। তখনই আত্মীদের মনে সন্দেহ হয়। তাঁরা ডাকাডাকি শুরু করতেও কোনও শব্দ পাওয়া যায়নি। তখনই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই চিকিৎসকেরা জানান বড় ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁর। তাঁকে তখন থেকেই ক্রিটিক্যাল কেয়ারে রেখে চিকিৎসা করা হয়েছে।
মাথায় রাখতে হবে, মোহনবাগান ক্লাবের ইতিহাসে টুটু বসু এক বিরাট অধ্যায়। ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত সচিব, তারপর ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব সামলেছেন টুটু বসু। মাঝে অঞ্জন মিত্রের সঙ্গে তাঁর ‘জুটি’ ময়দানের মিথ হয়ে আছে। ২০১৮ সালে তিনি ফের সচিব পদে ফেরেন। যদিও সাম্প্রতিক নির্বাচনে তিনি সরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে কোনও আনুষ্ঠানিক পদে থাকেননি।
ও দিকে আবার এই হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র। তিনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা অবশ্য এখন স্থিতিশীল বলে জানান হয়েছে। তাই তাঁকে নিয়ে তেমন একটা আশঙ্কার কিছু নেই।