আশীষ রাইবৃহস্পতিবার থেকে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। অনুশীলনের দ্বিতীয় দিনে দেখা গেল, রিজার্ভ দলের অনুশীলনে হাজির তারকা রাইট ব্যাক আশিস রাই। চোট পেয়ে গত মরসুম শেষ হয়ে গিয়েছিল এই তারকা ফুটবলারের। তিনি কি এ মরসুমে আদৌ খেলতে পারবেন?
এবারের কলকাতা লিগে নাম নথিভুক্ত হলেও এখনই খেলতে পারবেন না আশিস। হাঁটুর চোটের কারণে গত আইএসএল থেকে ছিটকে গিয়েছিলেন আশিস রাই। গত মরসুমের শেষের দিকে রিহ্যাব শুরু করেছিলেন আশিস। ছুটির সময়েও কলকাতায় থেকেও রিহ্যাব করেছেন আশিস। এবার যখন কলকাতা লিগের জন্য বাস্তব রায়ের অধীনে এক দিকে তন্ময়-রাজ-দীপ্লেন্দুরা অনুশীলনে মগ্ন, তখন অপর প্রান্তে সাইডলাইনে জোর কদমে রিহ্যাব সারছেন আশিস। আশা করা হচ্ছে, পরের মাস থেকে মাঠে নামতে পারবেন তিনি।
এদিকে ফের আইএফএকে নিশানা করলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। তিনি বলেছেন, 'কলকাতা লিগে আমরা আগে থেকেই ঘোষণা করেছিলাম যে ময়দানে খেলবো, আমাদের নিজেদের মাঠে খেলবো, ফ্লাডলাইটে খেলবো। পাঁচটা বা সাড়ে পাঁচটা আইএফএ-র সঙ্গে কথা বলে। তবে আইএফএ-টা এত অস্বচ্ছতার জায়গা হয়ে গেছে সেইটা নিয়েই আমাদের চিন্তা। কোনো লটারির কোনো স্বচ্ছতা নেই এবং ওটা কিছু লোক কুক্ষিগত করে রেখে দিয়েছে বছরের পর বছর। কোনো পরিবার তাদের মনে করে এটা একটা পরিবারতান্ত্রিক সংস্থা হয়ে যাচ্ছে দিন দিন। আমার মনে হচ্ছে সেখান থেকে যতদিন না আইএফএ নিষ্কৃতি পাবে, ততদিন ফুটবলের প্রসার ঘটবে না।'
কলকাতা লিগের লটারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচ বাস্তব রায়ও। তিনিও জানিয়েছিলেন, গত মরসুমে যেভাবে লটারি হয়েছে তাতে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এবারে তাই প্রস্তুতির পাশাপাশি আইএফএ-র করা ল্টারির দিকেও নজর রাখছে মোহনবাগান। অন্যদিকে এখনও কলকাতা লিগ নিয়ে প্রস্তুতি শুরু না করলেও, ভাল দল গড়ে দ্রুত মাঠে নেমে পড়ার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গলও। খেতাব ধরে রাখার মরিয়া চেষ্টা চালাবে তারাও। ফলে দুই প্রধানই কলকাতা লিগকে বাড়তি গুরুত্ব দেওয়ায় এবারের টুর্নামেন্ট দারুণ আকর্ষণীয় হবে বলেই আশা বাংলার ফুটবলপ্রেমীদের।